দ্য নিউ ইয়র্ক টাইমস

ইন্ডিয়ানায় সুবিধাজনক অবস্থানে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাথমিক ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এতে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এ অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ের মাধ্যমে দলীয় মনোনয়নের দৌড় শেষ করতে চান বলে জানিয়েছেন এ রাজনীতিক। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

এদিকে ইন্ডিয়ানায় এক সমাবেশে চীনের বাণিজ্য নীতির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি চীনের বিরুদ্ধে রফতানি বাড়ানোর উদ্দেশে মুদ্রা বিনিময়ে কারসাজির অভিযোগ আনেন।

আরও পড়ুন: তুরস্কের পার্লামেন্টে সরকারি ও বিরোধী পক্ষের সংঘর্ষ (ভিডিও)

ট্রাম্প বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীনকে আর আমাদের দেশকে ধর্ষণ করতে দেওয়া যাবে না। আমরা সেটা করতে দিচ্ছি। এই প্রথমবার চীনের সঙ্গে বাণিজ্য বিষয়ে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিয়মিতভাবেই প্রচারণায় এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

রিপাবলিকান দলের মনোনয়ন পেতে এক হাজার ২৩৭ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন। ইতিমধ্যে ৯৯৬ ডেলিগেট ভোট জিতে এর প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন ট্রাম্প।

আরও পড়ুন: অর্ধশত বছর পর কিউবায় মার্কিন প্রমোদতরী

এদিকে ডেমোক্রেটিক পার্টির দলীয় মনোনয়নের দৌড়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৬৮) প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে (৭৪) অনেকটা পেছনে ফেলে এগিয়ে আছেন। দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ২,৩৮৩টি ডেলিগেট সমর্থন পেতে হবে। হিলারি ২,১৬৫টি ডেলিগেট সমর্থন জয় করে এর প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স এখনও পর্যন্ত ১,৩৫৭ ডেলিগেট ভোট জয় করতে পেরেছেন। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

/এমপি/

/আপ-এএ/