চলতি বছরের জানুয়ারিতে ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার পর দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এটিই প্রথম বৈঠক। বৈঠকটি জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও পাঠানকোটের হামলা এবং ওই ঘটনায় জয়েশ ই মোহাম্মদের দায় স্বীকারের পর আলোচনা থমকে যায়। মঙ্গলবার দিল্লিতে আফগানিস্তান ইস্যুতে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনের এক ফাঁকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে উভয় দেশে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু উভয় দেশই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: তাইওয়ানে প্রায় ৫০০০ বছরের প্রাচীন মানব ফসিলের সন্ধান
বৈঠকে পাকিস্তান কাশ্মির এবং বালুচিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর জড়িত থাকার অভিযোগ করে। বিপরীতে ভারত পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা এবং ২৬/১১ মুম্বাই বিস্ফোরণে জড়িত জয়েশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের বিচারে দেরি করার অভিযোগ আনে পাকিস্তানের বিরুদ্ধে। একই সঙ্গে পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ডে র-এর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা ছিল খোলামেলা ও গঠনমূলক। এক কর্মকর্তা বৈঠককে উত্তপ্ত তবে অকপট হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ
তবে বৈঠক শেষ হওয়ার আগেই পাকিস্তানের পক্ষ থেকে বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বৈঠক চলমান অবস্থায় বিবৃতি প্রকাশ করায় পাকিস্তানের বিরুদ্ধে প্রটোকল ভঙ্গের অভিযোগ তুলেছে ভারত। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রাধান্য পেয়েছে কাশ্মির ইস্যু। তিনি বলেন, ‘জাতিসংঘের পরামর্শ অনুযায়ী কাশ্মির সম্পর্কে যথাযথ সমাধান প্রয়োজন।’
/এএ/