একসময় দিনের শুরু হতো তার মেসেজে, রাত শেষ হতো দীর্ঘ কথোপকথনে। তাকে না দেখলে অস্থির লাগতো, ছোট ছোট বিষয়ও ভাগাভাগি করতে ইচ্ছা করতো। কিন্তু এখন? সম্পর্ক আছে, যোগাযোগও আছে, তবু কোথাও যেন কিছু বদলে গেছে। তাকে হারানোর কথা ভাবলে কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট কি ভালোবাসার, নাকি বহুদিনের অভ্যাস ভেঙে যাওয়ার? সম্পর্কের অনেক বছর পর এই প্রশ্নের মুখোমুখি হন অসংখ্য মানুষ।
মনোবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘমেয়াদি সম্পর্কে ভালোবাসা ও অভ্যাস প্রায়ই একে অপরের সঙ্গে মিশে যায়। ফলে অনেক সময় মানুষ বুঝতেই পারেন না, তিনি এখনও সঙ্গীকে ভালোবাসেন, নাকি কেবল পরিচিত এক বাস্তবতায় আটকে আছেন।
ভালোবাসা ও অভ্যাস—দুটি ভিন্ন বিষয়
মানবমস্তিষ্কের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এবং অভ্যাস এক জিনিস নয়।
রোমান্টিক ভালোবাসার সঙ্গে জড়িত থাকে মস্তিষ্কের পুরস্কার-ব্যবস্থা (রিওয়ার্ড সিস্টেম)। প্রিয় মানুষকে দেখলে বা তার সঙ্গে সময় কাটালে ডোপামিন, অক্সিটোসিনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থের কার্যক্রম পরিবর্তিত হয়। এগুলো ঘনিষ্ঠতা, আকর্ষণ ও আবেগীয় সংযোগকে শক্তিশালী করে।
অপরদিকে, অভ্যাস তৈরি হয় পুনরাবৃত্ত আচরণের মাধ্যমে। দীর্ঘদিন একই মানুষকে ঘিরে জীবনযাপন করতে করতে তার উপস্থিতি মস্তিষ্কের কাছে স্বাভাবিক ও পরিচিত বাস্তবতায় পরিণত হয়। তখন সম্পর্কের কিছু অংশ অভ্যাসনির্ভর হয়ে ওঠে।
সম্পর্কে স্বস্তি থাকলেই কি ভালোবাসা আছে?
অনেকেই মনে করেন, সঙ্গীর সঙ্গে স্বস্তি বোধ করলেই সেটি ভালোবাসার প্রমাণ। বাস্তবে বিষয়টি এত সরল নয়।
মনোবিজ্ঞানের ভাষায় ফ্যামিলিয়ারটি বা ঘনিষ্ঠতা মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে। ফলে কোনও মানুষ দীর্ঘদিন জীবনে থাকলে তার প্রতি নির্ভরতা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু নির্ভরতা আর ভালোবাসা এক নয়।
প্রশ্ন হলো, আপনি কি এখনও তার অনুভূতি, চিন্তা, সাফল্য বা কষ্টের প্রতি আন্তরিক আগ্রহ অনুভব করেন? নাকি সম্পর্কটি কেবল দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গেছে?
কিছু লক্ষণ যা ভালোবাসার ইঙ্গিত দিতে পারে
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সম্পর্কেও ভালোবাসা থাকলে সাধারণত কিছু বিষয় দেখা যায়—সঙ্গীর সুখ বা কষ্ট আপনাকে এখনও স্পর্শ করে; তার ব্যক্তিগত উন্নতি বা সাফল্যে আন্তরিক আনন্দ হয়; মতবিরোধ হলেও সম্পর্ক রক্ষার ইচ্ছা থাকে; একসঙ্গে নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থাকে; শুধু দায়িত্ববোধ নয়, আবেগীয় সংযোগও অনুভূত হয়।
ভালোবাসা সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না।
শুধু অভ্যাসে আটকে থাকার কিছু ইঙ্গিত
গবেষকদের মতে, কিছু ক্ষেত্রে মানুষ সম্পর্কে থাকেন মূলত পরিবর্তনের ভয়, একাকীত্বের আশঙ্কা বা দীর্ঘদিনের অভ্যাসের কারণে।
এ ধরনের পরিস্থিতিতে দেখা যেতে পারে— সঙ্গীকে হারানোর চেয়ে সম্পর্ক বদলে যাওয়ার ভয় বেশি কাজ করে; তার সঙ্গে সময় কাটানোর চেয়ে একা থাকতেই বেশি স্বস্তি লাগে; সম্পর্কে বিনিয়োগের আগ্রহ কমে যায়; ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে নিয়ে ভাবনা কমে যায়; সম্পর্ক শেষ হলে মানুষটিকে নয়, বরং পরিচিত জীবনধারাকে মিস করার আশঙ্কা বেশি থাকে।
তবে এসব লক্ষণ মানেই সম্পর্কে ভালোবাসা নেই—এমন সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক নয়। কারণ মানসিক চাপ, কাজের ব্যস্ততা বা ব্যক্তিগত সংকটের সময়েও সম্পর্ক সাময়িকভাবে নিস্তেজ মনে হতে পারে।
কেন বিভ্রান্তি তৈরি হয়?
মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘমেয়াদি সম্পর্কে শুরুতে থাকা তীব্র আকর্ষণ ধীরে ধীরে কমে যাওয়া স্বাভাবিক। একে অনেকেই ভুল করে ভালোবাসা শেষ হয়ে যাওয়া মনে করেন।
বাস্তবে সম্পর্কের প্রথম পর্যায়ের আবেগপ্রবণ প্রেম ধীরে ধীরে ‘ক্যাম্প্যানিয়েনেট লাভ’ বা নির্ভরতা-ভিত্তিক ভালোবাসায় রূপ নিতে পারে। এতে উত্তেজনা কম থাকলেও পারস্পরিক আস্থা, সম্মান ও আবেগীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিজেকে যেসব প্রশ্ন করতে পারেন
সম্পর্ক নিয়ে দ্বিধায় থাকলে কয়েকটি প্রশ্ন নিজেকে করা যেতে পারে— তার জীবনে কী ঘটছে, তা জানার আগ্রহ কি এখনও আছে? তার আনন্দ বা কষ্ট কি আমাকে স্পর্শ করে? কোনও বাধ্যবাধকতা না থাকলেও কি আমি তার সঙ্গে সময় কাটাতে চাই? সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা করতে ইচ্ছা করে? নাকি শুধু দীর্ঘদিনের পরিচিত বাস্তবতা ছাড়তে ভয় লাগে?
এসব প্রশ্নের উত্তর অনেক সময় সম্পর্কের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারে।
শেষ কথা
ভালোবাসা সবসময় সিনেমার মতো তীব্র আবেগে প্রকাশ পায় না। সময়ের সঙ্গে তা অনেক ক্ষেত্রে গভীর বন্ধন, আস্থা ও নির্ভরতায় রূপ নেয়। আবার কখনও মানুষ বুঝতে পারেন, সম্পর্কটি মূলত অভ্যাসের ওপর দাঁড়িয়ে আছে। তাই সম্পর্ককে বিচার করার সময় মুহূর্তের আবেগ নয়, বরং দীর্ঘ সময়ের অনুভূতি, যত্ন, আগ্রহ ও পারস্পরিক সংযোগকে গুরুত্ব দেওয়াই বেশি অর্থবহ।