বিশ্বের প্রায় ১০ দশমিক ৬ শতাংশ মানুষ বাঁহাতি। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ১১ জন সাধারণত বাম হাত বেশি ব্যবহার করেন। তবে মজার বিষয় হলো, এদের সবাই যে সব কাজেই বাম হাত ব্যবহার করেন, তা নয়।
কেউ লিখতে বাম হাত ব্যবহার করেন, কিন্তু কাঁচি চালানো বা বল ছোড়ার সময় ডান হাতই বেছে নেন। কেউ আবার চামচ ধরেন বাম হাতে, কিন্তু দাঁত ব্রাশ করেন ডান হাতে। অর্থাৎ, একজন মানুষকে শুধু ‘বাঁহাতি’ বা ‘ডানহাতি’—এই দুই ভাগে ফেললেই তার হাত ব্যবহারের ধরন পুরোপুরি বোঝা যায় না।
বিজ্ঞানীরা তাই ‘হ্যান্ডেডনেস’কে একটি ধারাবাহিক বৈশিষ্ট্য হিসেবে দেখেন। এর এক প্রান্তে রয়েছেন যারা প্রায় সব কাজেই বাম হাত ব্যবহার করেন, অন্য প্রান্তে যারা সব কাজেই ডান হাত ব্যবহার করেন। আর মাঝখানে রয়েছেন এমন মানুষ, যারা কাজের ধরন অনুযায়ী দুই হাতই ব্যবহার করেন।
একজন মানুষ কতটা বাঁহাতি বা ডানহাতি, তা মাপার পরিচিত একটি পদ্ধতি হলো এডিনবার্গ হ্যান্ডেডনেস ইনভেন্টরি। এতে লেখা, আঁকা, বল ছোড়া, কাঁচি ব্যবহার, দাঁত ব্রাশ করা, ছুরি-চামচ ব্যবহার, ঝাড়ু দেওয়া, দেশলাই জ্বালানো ও বাক্স খোলার মতো ১০টি কাজের ক্ষেত্রে কোন হাত বেশি ব্যবহার করা হয়, তা বিবেচনা করা হয়। এসব তথ্যের ভিত্তিতে তৈরি হয় একজনের হ্যান্ডেডনেস স্কোর।
তাহলে প্রশ্ন হলো, সব ১০টি কাজেই যারা বাম হাত ব্যবহার করেন, এমন মানুষ আসলে কতজন?
২০২৪ সালের একটি জার্মান গবেষণায় প্রায় ৬০০ মানুষের হাত ব্যবহারের ধরন বিশ্লেষণ করা হয়। ফলাফল বেশ চমকপ্রদ। গবেষণায় অংশ নেওয়া মাত্র ২ দশমিক ১ শতাংশ মানুষ সব ১০টি কাজেই বাম হাত ব্যবহারের প্রবণতা দেখিয়েছেন।
অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ১১ জন বাঁহাতি হলেও, তাদের মধ্যে সব কাজেই বাম হাত ব্যবহারের প্রবণতা দেখা গেছে মাত্র ২ জনের মতো মানুষের মধ্যে।
অপরদিকে, সব ১০টি কাজেই ডান হাত ব্যবহার করা মানুষের সংখ্যা ছিল অনেক বেশি—৪৭ দশমিক ৩ শতাংশ। আর দুই হাতের ব্যবহারে একেবারে মাঝামাঝি, অর্থাৎ নির্দিষ্ট পরীক্ষায় পুরোপুরি সমান স্কোর পাওয়া মানুষ ছিলেন মাত্র ০ দশমিক ২ শতাংশ।
এর মানে হলো, কেউ বাঁহাতি বলেই তার প্রতিটি কাজের জন্য বাম হাতই সবচেয়ে স্বাভাবিক বা পছন্দের হাত হবে—এমন নয়। বরং বেশিরভাগ বাঁহাতিই অন্তত একটি কাজে ডান হাত ব্যবহার করেন।
এ কারণেই শুধু ‘আপনি বাঁহাতি, না ডানহাতি?’—এই প্রশ্ন দিয়ে মানুষের হাত ব্যবহারের ধরন পুরোপুরি বোঝা যায় না। দৈনন্দিন কাজের অভ্যাসে দুই হাতের ভূমিকা আসলে এর চেয়ে অনেক বেশি জটিল।
সবশেষে সবচেয়ে মজার তথ্যটি হলো—বাঁহাতি হওয়া যতটা সাধারণ, সব কাজেই বাঁহাতি হওয়া ততটাই বিরল। বিশ্বে প্রতি ১০০ জনে প্রায় ১১ জন বাঁহাতি হলেও, ১০টি কাজেই বাম হাত ব্যবহারের প্রবণতা দেখা যায় মাত্র ২ জনের মতো মানুষের মধ্যে।