আমেরিকার সঙ্গে ভারতের স্বাস্থ্য পরীক্ষার খরচের তুলনা, সমাজমাধ্যমে বিতর্ক

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৫:১৬ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:১৬

চিকিৎসার খরচ কমাতে বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয়। এবার স্বাস্থ্য পরীক্ষা করাতে আমেরিকা থেকে ভারতে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন এক ভ্লগার। তার দাবি, আমেরিকার তুলনায় ভারতে একই ধরনের স্বাস্থ্য পরীক্ষার খরচ প্রায় দশ ভাগের এক ভাগ। তার ভিডিও ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ ভারতের চিকিৎসা পরিষেবার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের চিকিৎসার খরচ নিয়ে।

আমেরিকায় ফেরার আগে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ব্যক্তি। গাড়িতে করে চিকিৎসাকেন্দ্রে যাওয়ার পথে তিনি বলেন, আমেরিকায় এমন পরিষেবা পাওয়া যায় না।

প্রথম দিন বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। এর মধ্যে ছিল পুষ্টি সংক্রান্ত পরীক্ষা এবং জিনগত পরীক্ষা। এর পর করান দাঁতের পরীক্ষা। দ্বিতীয় দিনে হয় আলট্রাসাউন্ড। তৃতীয় দিন তাঁকে নিয়ে যাওয়া হয় ক্রায়োথেরাপির জন্য। তার কথায়, ভারতে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নেই, এমনটা যারা ভাবেন, তাদের ধারণা ভুল।

কেন ভারতে এসে স্বাস্থ্য পরীক্ষা করালেন? ভ্লগারের দাবি, আমেরিকায় এই ধরনের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার খরচ ভারতের তুলনায় প্রায় দশ গুণ বেশি। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, ভারতে পুরো পরীক্ষার জন্য তার খরচ হয়েছে ৪ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৮১ হাজার টাকা। তার দাবি, আমেরিকায় একই পরীক্ষার জন্য খরচ হতে পারে ৪০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩৮ লাখ ১০ হাজার টাকা। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, জীবনে পাওয়া অন্যতম ভালো চিকিৎসা পরিষেবা এটি।

তবে তার অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখেছেন, ভারতের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের সমালোচনা করা হলেও পরিষেবার মান যথেষ্ট ভালো। অন্য এক জনের মতে, ভারতের চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। আবার কেউ প্রশ্ন তুলেছেন, দেশে উন্নত মানের বেসরকারি চিকিৎসা থাকলেও দরিদ্র মানুষের পক্ষে সেই পরিষেবা পাওয়া কতটা সম্ভব। এক নেটাগরিকের মন্তব্য, এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা সাধারণ ভারতীয়দের কাছেও যথেষ্ট ব্যয়বহুল।

এক বিদেশি নাগরিকের অভিজ্ঞতা ভারতের চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। তবে তার ব্যক্তিগত খরচের হিসাব সব হাসপাতাল বা সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে একই হবে, এমন নয়। চিকিৎসার ধরন, হাসপাতাল এবং পরীক্ষার পরিধি অনুযায়ী খরচের তারতম্য হতে পারে।

 

 

/এমএএল/
সম্পর্কিত
গরুর পূজা নিয়ে কটূক্তি করে তোপের মুখে ইহুদি ধর্মপ্রচারক
বেঙ্গালুরুতে প্রথম ডাইনোসর পার্ক, ঘুরে দেখুন প্রাগৈতিহাসিক জগৎ!
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
সর্বশেষ খবর
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৪
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৪
সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, জাহাজ ৬ তারিখে- প্রথম ৫দিন কীভাবে যাবেন
সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, জাহাজ ৬ তারিখে- প্রথম ৫দিন কীভাবে যাবেন
বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়ে লাভ হলো ভারতের!
বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়ে লাভ হলো ভারতের!
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল, ফি কত?
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল, ফি কত?
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি