রং ছড়াতে আসছে রাঙতা মেলা

বৈশাখকে সামনে রেখে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেয়ে’ নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশি উদ্যোগের মেলা রাঙতা।

লাল কাজলে পাবেন হাতে তৈরি গয়না। সঙ্গে কেক, মাফিন, ড্রাই ফ্রুটসহ নানা কিছু
প্রাণের টানে শখ ও স্বাতন্ত্রকে পুঁজি করে ২০১৩ সালে রাঙতার পথচলা শুরু হয়েছিল। পাঁচ বছরে সেই পরিধি অনেকটুকু বাড়লেও মূল সুরটি রয়ে গেছে আগের মতোই। বরাবরের মতো এবারও মেলায় অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা ‘হুটহাট’-এর উদ্যোক্তারা। সেই সঙ্গে যোগ দিয়েছে হুটহাটের বাইরে থেকে কিছু সমমনা উদ্যোগও।
মেয়ের নিজস্ব স্টলসহ মোট ৪৪টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাবে ৫৫টি উদ্যোগ। পাওয়া যাবে নতুন-পুরাতন বই, গাছ, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা। এবার প্রথমবারের মতো রাঙতা মেলায় কার্ডে মূল্য পরিশোধের সুবিধা রাখা হবে। সেই সঙ্গে থাকবে বাড়িতে মেলার পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

পটের বিবিতে পাবেন এই পপ আর্ট শাড়ি আর গুটিপোকায় মিলবে এমন চমৎকার পাঞ্জাবি
আগামী ৬ ও ৭ এপ্রিল দুইদিন ধানমন্ডির মাইডাস সেন্টারে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। আয়নাঘর, ব্যাড হ্যাবিট, বেগুনি প্রজাপতি, বিজেন্স, বইয়ের জাহাজ, বোকা বাক্স, ঈহা, ফৌজি, গাঁথা, গুটিপোকা, কইন্যা, লাল কাজল, পটের বিবি, মিঠাই মন্ডা, রসুইঘরসহ আরও বেশ কয়েকটি অনলাইন শপ।  এসব উদ্যোগের মধ্যে রংধনু ক্রিয়েশনে পাবেন শিল্পীর হাতে আঁকা পোশাক, থাকবে বাচ্চাদের পোশাক, ব্লাউজ পিস, শাড়িসহ নানা কিছু। হাতে আঁকা পোশাক পাবেন গুটিপোকা, ঈহা, দ্য মালাকাইট ক্যাসকেট আর ওয়াও ক্রাফটেও। রেগায় পাবেন যুগল পোশাক, থাকবে আদিবাসীদের হাতে বোনা তাঁতের কাপড়ের সঙ্গে ফিউশন করে তৈরি পোশাক। মেলায় শাড়ির সম্ভার নিয়ে থাকবে পটের বিবি। শাড়ি বা পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে তৈরি গয়না পাবেন লাল কাজলে। সঙ্গে থাকবে আফলাতুন, চকলেট কেক, মাফিন, ঘি, রোস্টেড ড্রাই ফ্রুট, কাবাব, শাসলিকসহ নানা কিছু। হাতে তৈরি গয়না পাবেন আয়নাঘর, আর্টোপলিস, চিত্রলেখাতেও। এছাড়া দেশি বিদেশি গয়নার সম্ভার নিয়ে হাজির থাকবে তুমি গলার মালা।

সব বয়সদের জন্য রঙধনু ক্রিয়েশনে থাকবে এমন দারুণ সব পোশাক
মজার মজার বিভিন্ন স্বাদের কেক নিয়ে থাকবে ফ্লেভারস বাই পুনিজ কিচেন আর সুগার ক্যাসল। বইমেলার ছোট্ট আমেজও পাবেন এবারের রাঙতায়। চর্চা, আকাশলীনা আর বইয়ের জাহাজ তাদের পসরা সাজাচ্ছে দেশি-বিদেশি সব বই দিয়ে।
এসবের সঙ্গে রাঙতায় থাকবে শিশু আর্যর জন্য চিত্রপ্রদর্শনী। ২০১৫ সাথে মাত্র চার বছর বয়সে আর্যর মাথায় ধরা পড়ে ব্রেইন টিউমার। বর্তমানে সাত বছরের ছোট্ট আর্য ব্রেইন টিউমার আর ক্যানসারকে পরাজিত করে দেশে ফিরেছে। তবে তাকে পুরোপুরি সুস্থ হতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সেই পথ বেদনার এবং ব্যয়বহুল। আর্যর জন্য অর্থ সংগ্রহ করতে তার বাবা শিল্পী বিপ্লব ভট্টাচার্য’র আঁকা ছবির প্রদর্শনীও থাকবে রাঙতায়।

রাঙতা উপলক্ষে রেগা’র কালেকশন, থাকছে মা-মেয়ের ম্যাচিং বৈশাখি শাড়িও
রাঙতায় হুইলচেয়ার প্রবেশগম্য। এখানে শিশুদের মায়ের দুধ পানের জন্য আলাদা স্থান থাকবে। মেলা প্রাঙ্গণে ধূমপান নিষেধ। আরেকটি কথা না বললেই নয়, মেলায় কোনও পাকিস্তানি পণ্য থাকবে না।