কর্মক্ষেত্রে ব্যস্ততা শেষে বাসায় ফিরেই যেন ক্লান্তিটা জেঁকে বসে। প্রিয় মানুষের জন্য বিশেষ কিছু করা কিংবা নিজের জন্য খানিকটা সময় বের করে পছন্দের কিছু করাটা মোটামুটি কষ্টসাধ্যই হয়ে পড়ে যেন। কিন্তু ভালোবাসা দিবস বলে কথা, খানিকটা ব্যতিক্রম কিছু করে প্রিয়জনকে চমকে দিতে ইচ্ছে তো হয়-ই। এবারের ভালোবাসা দিবসে দারাজের কর্মকর্তা রুবাইয়া সুলতানা আর্ষী তার স্বামী আহমেদ ফাহিম ফয়সালকে চমকে দেওয়ার জন্য করেছিলেন চমৎকার একটি পরিকল্পনা। মাত্র দেড় মাস আগে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির এটাই একসঙ্গে প্রথম ভালোবাসা দিবস উদযাপন।
এদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেই রসুইঘরে ঢুঁ মারতে চেয়েছিলেন আর্ষী। বিয়ের পর একবারও রান্না করা হয়ে ওঠেনি সময়ের অভাবে। প্রিয়জনের প্রিয় আইটেম রান্না করে ছোট্ট একটি টেবিল সাজিয়ে মোমের আলোয় সারতে চেয়েছিলেন রোমান্টিক ডিনার। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়ে ওঠেনি আর্ষীর, বরং এর চেয়েও বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তাদের দুইজনের জন্যই!
ঝলমলে পাঁচতারকা হোটেলের উঁচু রেস্টুরেন্টে বসে শহরের আলোকসজ্জা দেখতে দেখতে ভালোবাসা দিবসের স্পেশাল ডিনার সেরেছেন তারা। সাজানো গোছানো চমৎকার একটি রুম সাজানো ছিল তাদের রাত্রিযাপনের জন্য। সেখানে রাতে থেকে পরদিন স্পেশাল ব্রেকফাস্ট করে তবেই ফিরেছেন ঘরে। এবং পুরো আয়োজনটি তাদেরকে উপহার হিসেবে দেয় পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা।
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের আয়োজন করেছিল হোটেল লা মেরিডিয়ান ঢাকা। ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী ভালোবাসা দিবসটি প্রিয়জনের সঙ্গে কীভাবে উদযাপন করতে চান তা নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছিলেন আর্ষী। ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে জিতে নেন লা মেরিডিয়ান ঢাকার স্পেশাল বুফে ডিনার ও রাত্রিযাপনের প্যাকেজ। হোটেল লবিতে কথা হলো এই নবদম্পতির সঙ্গে। আহমেদ ফাহিম ফয়সাল বেক্সিমকোতে কর্মরত আছেন। তিনি জানালেন, স্ত্রীর ভিডিও পাঠানোর আগ পর্যন্ত কিছুই জানতেন না এই ক্যাম্পেইনের বিষয়ে। ভেবেছিলেন কোনও উপহার জুটবে না কপালে। তবে আর্ষীর আত্নবিশ্বাস ছিল। এর আগেও এই আত্নবিশ্বাসের জোরেই জিতেছেন অনেক কনটেস্ট। স্ত্রীর ভাগ্যের জোরেই এই সারপ্রাইজ উপহার পেয়েছেন বলে হাসতে হাসতে জানালেন ফয়সাল। মিষ্টি এই দম্পতির সঙ্গে আড্ডায় আড্ডায় অনেকটা সময় কেটে গেল। এবার ডিনারের পালা।