খাবারে বাড়তি স্বাদ যোগ করতে পেঁয়াজ বেরেস্তার জুড়ি নেই। ঝিরি করে কাটা পেঁয়াজ লালচে ও মচমচে করে ভেজে প্রস্তুত করা হয় বেরেস্তা। তবে বেরেস্তা তৈরির সঠিক কৌশল জানা থাকা চাই। নাহলে সহজেই পুড়ে যেতে পারে পেঁয়াজ। এছাড়া তৈরির পর পর মিইয়েও যায় অনেক সময়। সঠিক ভাবে তৈরি করতে পারলে এটি ৩ মাস পর্যন্ত মচমচে থাকবে।
প্রথমে পেঁয়াজ ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিন৷ পেঁয়াজ দুই ভাগে ভাগ করে ঝিরিঝিরি করে কুঁচিয়ে নিন৷ পেঁয়াজ যত মিহি হবে, তত ভালো বেরেস্তা তৈরি করতে পারবেন৷ যদি এক কেজি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেন, তাহলে ভাজার জন্য লাগবে এক লিটার তেল৷
ননস্টিক কড়াই গরম হলে তেল দিন৷ মাঝারি থেকে বেশি আঁচে ভাজতে হবে৷ কম আঁচে রান্না করলে বেশি তেল শুষে নেবে৷ তেল গরম হলে পেঁয়াজ দিন৷ অনবরত নাড়তে হবে। পেঁয়াজের রঙ বাদামি হতে শুরু করলেই চুলার আঁচ কমিয়ে দিন৷ এরপর পেঁয়াজ নামিয়ে শুকনো কিচেন টাওয়েলের উপর ছড়িয়ে দিন৷ তাহলে এর স্বাদ তেতো হবে না৷ রঙও কালো হয়ে যাবে না৷ মুখবন্ধ বয়ামে রেখে দিতে পারবেন টানা তিনি মাস পর্যন্ত।