লোফিসিয়েলের প্রচ্ছদে রূপবিশেষজ্ঞ ফারনাজ

ফ্রান্সের বহুজাতিক ফ্যাশন ম্যাগাজিন লোফিসিয়েল-এর আরব সংস্করণের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন বাংলাদেশের তরুণ সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

 


এর আগে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের বিষয় হয়েছেন। তার সাক্ষাৎকার এবং তার ব্র্যান্ড কণা বাই ফারনাজ আলমের বিভিন্ন প্রসাধনী দিয়ে মেকওভারের ছবি ছাপা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়া।

সেই তালিকায় এবার যোগ হলো লোফিসিয়েল। তবে এবার একটু অন্যভাবে। কারণ প্রচ্ছদকন্যা তিনি কখনোই হননি। কেবল তাই নয়, তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে লোফিসেয়েলের প্রচ্ছদকন্যা হয়েছেন।

মডেলিংয়ের পূর্বাভিজ্ঞতা না থাকলেও সৌন্দর্য বিশেষজ্ঞ হিসেবে কাজের অভিজ্ঞতা আর মেধা দিয়েই উতরে গেছেন তিনি।   

লোফিয়েসল অ্যারাবিয়ার ফটোশুট নিয়ে ফারনাজ জানান, দুবাইতে তাকে এখন বছরের বেশ বড় একটা সময় থাকতে হয়। সেখানেই তিনি রূপবিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। এছাড়া বিভিন্ন সাময়িকীর ফটোশুটে মেকআপ অ্যাসিস্ট্যান্ট হিসাবে শুটে কাজ করেছেন। এভাবেই শুটের প্রোডাকশান টিমের সঙ্গে তার সংযোগ তৈরি হয়। যোগাযোগ হয় লোফিসিয়েল অ্যারাবিয়ার কুশীলবদের সঙ্গে। তারাই ফারনাজকে প্রচ্ছদকন্যা হওয়ার প্রস্তাব দিলে কিছুটা দ্বিধা থাকলেও ফিরিয়ে দেননি।

 

জানুয়ারিতেই শুট হয় দুবাইতে। শুট একদিনের হলেও এর আগে তাকে তিনদিন গ্রুম করানো হয়। হিল তিনি পরেন না। যদিও এই শুটে হিল পরতে হয়েছে। এজন্য তিনি হিল পরে অনুশীলনও করেছেন। এজন্য পায়ে ফোস্কাও পড়েছে।

মোট চারটি ছবি ম্যাগাজিনে ছাপা হয়েছে। এই পোশাকগুলো ছিল অ্যাটেলিয়ার জুহরা ব্র্যান্ডের। কিছু গয়না আর ব্যাগ ছিল বিখ্যাত ব্র্যান্ড বালগেরির। এছাড়া কিছু গয়না ছিল মেসিকা ও শার্লট শেনের। ঘড়ি ছিল শোপার। জুতা পরেছেন জিমি জু আর ক্রিস্টিয় লুবাতঁর।

পাশাপাশি তার মেকআপ করা হয়েছে কনা বাই ফারনাজ আলমের তিনটি প্রসাধনী ফাউন্ডেশন, লিপস্টিক আর আইশ্যাডো দিয়ে। এটাও বাংলাদেশের জন্য মাইলফলক বলে মনে করেন তিনি। কারণ বাংলাদেশের প্রসাধনী দিয়ে আন্তর্জাতিক সাময়িকীর জন্য মেকআপ করা হচ্ছে। এর আগে অবশ্য ‘এল ইন্ডিয়া’র শুটেও তার প্রতিষ্ঠানের প্রসাধনী ব্যবহার হয়। এছাড়া প্যারিস ফ্যাশন উইকেও এই প্রসাধনী দিয়ে মেকাআপ করা হয়েছে। ‘এভাবে বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস পাচ্ছি আমরা’- বলেন ফারনাজ।  

এই শুটের পোশাকগুলো ছিল যথেষ্ট ভারি। একটি পোশাক ছিল ১০ কেজির মতো ওজন, যা সামলানো ছিল কষ্টসাধ্য।

লোফিসিয়েল ফ্যাশন বিশ্বে অত্যন্ত মর্যাদাসম্পন্ন। অনেকগুলো ভাষায় রয়েছে এর সংস্করণ। বিভিন্ন লোফিসিয়েল ইন্ডিয়ার প্রচ্ছদ হয়েছেন দীপিকা পাড়ুকোন, জ্যাকুলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ কিংবা সানিয়া মির্জারা।

ফারনাজ একাধারে স্থপতি এবং সৌন্দর্য বিশেষজ্ঞও। লরিয়েলের ব্রাশ কন্টেস্টের বিজয়ী হয়েছিলেন তিনি।