সরিষার তেল দিয়ে কলাপাতায় তৈরি করা ডিমের পাতুরি সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে অসাধারণ খেতে। খাওয়া যায় রুটি দিয়েও। জেনে নিন কীভাবে বানাবেন ডিমের পাতুরি।
উপকরণ
ডিম- ৪টি
সাদা ও কালো সরিষা- ২ চা চামচ
পোস্ত- ৩ চা চামচ
জিরার গুঁড়া- ২ চা চামচ
গরম মসলার গুঁড়া- ২ চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
ময়দা- ৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- আধা কাপ
ধনেপাতা কুচি- ২ চা চামচ
কাঁচা মরিচ বাটা- স্বাদ মতো
কোড়ানো নারকেল- আধা কাপ
রসুন- ৪ কোয়া
চিনি- সামান্য
সরিষার তেল- পরিমাণ মতো
লবণ- স্বাদ মতো
আগুনে সেঁকে রাখা কলাপাতা
প্রস্তুত প্রণালি
ডিমগুলো সেদ্ধ করে মাঝ থেকে কেটে নিন। পোস্ত ও সরিষা ৩০ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখুন। এরপর এই দুই উপকরণের সঙ্গে কোড়ানো নারকেল, কাঁচা মরিচ ও রসুন বেটে নিন। ময়দা পরিমাণ মতো পানিতে গুলে ব্যাটার তৈরি করে নিন। প্রতিটা ডিমের টুকরো তাতে ডুবিয়ে হালকা তেলে ভেজে তুলুন। সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিন। এরপর হলুদ, লবণ, চিনি আর বেটে নেওয়া মিশ্রণ ঢেলে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে দিলে ডিম দিয়ে হালকা করে নেড়ে নিন। মিনিট দুয়েক পর উপরে ধনেপাতা আর কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে কলাপাতার মধ্যে মসলা মাখানো সেদ্ধ ডিম মুড়ে সুতো অথবা টুথপিক দিয়ে আটকে নিন। একটি পাত্রে তেল গরম করে মুড়ে রাখা কলাপাতাগুলো দিয়ে ভালো করে ঢেকে দিন। পাতার এক দিক লাল হয়ে গেলে উলটে দিন। দুই দিক হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।