বৈশাখী সাজে

বৈশাখী আনন্দ মানেই ঘোরাঘুরি। সঙ্গে শাড়ি-চুড়ির সাজ তো আছেই। তবে অতিরিক্ত গরমে সাজ ও পোশাক নিয়ে যেন বিব্রত হতে না হয়, সেজন্য সচেতন থাকা জরুরি। 

 


দিনের বেলা খুব গাঢ় সাজে না সাজলেই ভালো করবেন। হালকা বেইজ ব্যবহার করুন দিনের সাজে। ত্বকে মেকআপ ঠিকঠাক বসানোর জন্য আজ রাতেই স্ক্রাব ব্যবহার করে মরা চামড়া উঠিয়ে ফেলুন। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন বেইজ মেকআপের আগে। পাতলা কাপড়ে মুড়ে এক টুকরো বরফ ঘষে নিন ত্বকে। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। ব্লাসন ও আইশ্যাডোর রঙ হিসেবে গোলাপি ও সোনালির মতো রঙগুলোকে বেছে নিতে পারেন দিনের বেলা। লিপস্টিক একটু গাঢ় হতে পারে। মোটা করে কাজল লাগাতে পারেন। সঙ্গে মানানসই টিপ ও হাত ভর্তি কাচের চুড়ি। 

ফুল পরতে পারেন খোঁপায়। চাইলে হাতেও বেঁধে নিতে পারেন বেলি ফুলের মালা। শাড়ি পরতে না চাইলে সুতি কাপড়ের কুর্তি কিংবা সালোয়ার কামিজ হতে পারে সারাদিনের সঙ্গী। 

রাতের সাজে খানিকটা জমকালো ভাব আনতে ব্যবহার করতে পারেন গাঢ় রঙ। রাতের আয়োজনে সিল্ক কিংবা মসলিনের পোশাক বেশ লাগে দেখতে। তবে সাজ যাই হোক না কেন, সেটা যেন আপনাকে স্বস্তি দেয় শতভাগ সেদিকে লক্ষ রাখা জরুরি।   

টিপস 

  • দিনের বেলা বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন।
  • সঙ্গে ছাতা কিংবা হ্যাট রাখবেন।
  • হিল বা কোনও পোশাকে স্বাচ্ছন্দ্য না হলে সেটা পরতে যাবেন না। 
  • যেহেতু কালকে কমবেশি সবখানেই ভিড় থাকবে, তাই কোনও রেস্টুরেন্টে ইফতার করতে চাইলে আগে থেকেই বুকিং দিয়ে রাখুন।