নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক হার ই-ট্রেড চতুর্থবারের মতো প্রদর্শনীর আয়োজন করেছে। এর আগের তিনটি আয়োজন ঢাকায় হলেও এবারের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।
আজ ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে প্রদর্শনীটি। চলবে আগামীকাল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
হার ই-ট্রেডে'র প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে হার ই-ট্রেডের প্রদর্শনী। সারাদেশ থেকে উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এই আয়োজনে। দেশীয় পণ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই প্রদর্শনীর উদ্দেশ্য।
আজ শুক্রবার আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা সমিতি ও চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন কামরুন মালেক এমজেএফ। আগামীকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদল জসিম ইউ চৌধুরী।
মেলায় পাওয়া যাচ্ছে পোশাক, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর পণ্য, খাবারসহ আরও অনেক কিছু। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রবেশের জন্য কোনও ধরনের ফি প্রয়োজন নেই।
উল্লেখ্য, কোভিড চলাকালীন হার ই-ট্রেড নেটওয়ার্কটি শুরু করেছিল তাদের পথচলা। শুরু থেকেই প্রতি মাসে তিন দিনব্যাপী অনলাইন প্রদর্শনীর সুযোগ থাকতো সদস্যদের জন্য। উদ্দেশ্য ছিল নারীদের ব্যবসায়িক কার্যক্রমকে সবার সামনে নিয়ে আসা, যাতে করে ঘরে বসে তাদের প্রচারণার কাজটি সহজ হয়। এরপর ঢাকায় তিনটি প্রদর্শনীর আয়োজন করে নেটওয়ার্কটি।