বর্ষবরণ আয়োজনে থাকুক চুলায় তৈরি তান্দুরি চিকেন

নতুন বছরকে স্বাগত জানাতে বাসায় পার্টির আয়োজন করেছেন, অথচ হাতের কাছে নেই বারবিকিউ করার অনুষঙ্গ। কী করবেন? খুব সহজে চুলাতেই বানিয়ে ফেলতে পারেন তান্দুরি চিকেন। জেনে নিন কীভাবে বানাবেন। 

 

চিকেন ম্যারিনেট করতে যা যা লাগবে 
চিকেন লেগ- ৪ পিস
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
টক দই- ৪ টেবিল চামচ 
টালা জিরার গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
লাল ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)

অন্যান্য উপকরণ
তেল- প্রয়োজন মতো
বাটার- ১ চা চামচ 

যেভাবে তৈরি করবেন 
চিকেনের লেগ পিসগুলো ছুরি দিয়ে হাড় পর্যন্ত কয়েকটি গভীর আঁচড় দিয়ে নিন যেন মসলা ভেতর পর্যন্ত পৌঁছে। ম্যারিনেটের উপকরণ দিয়ে মুরগির টুকরোগুলো ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন আট ঘণ্টা। তাড়াহুড়া থাকলে অন্তত দুই ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন।

ফ্রিজ থেকে বের করে রুমের তাপমাত্রা আসার জন্য অপেক্ষা করুন। এরপর ২ টেবিল চামচ  তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো মেখে নিন। চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল ও মাখন দিয়ে একটি বা দুটি করে মুরগির লেগ ভেজে নিন। প্যান ঢেকে মিডিয়াম লো আঁচে প্রতি সাইড ১০ মিনিট করে ভেজে নিন। এরপর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিত ভাজুন। এতে তান্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। স্মোকি ভাব আনতে এক টুকরো কাঠকয়লা চুলায় দিন। কয়লা গরম হয়ে গেলে তান্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম।