এঁটো থালাবাসন ধুতে সিঙ্কে গিয়ে যারপরনাই হতাশ হতে হলো। বাসান মাজার সাবান ফুরিয়ে গেছে, ঘরে নেই এক্সট্রা কোনও সাবানও। কী করবেন এমন পরিস্থিতিতে? ঘরোয়া উপায়েই হাতের কাছাকাছি থাকা কিছু উপকরণের সাহায্যে মুশকিল আসান হতে পারে। জেনে নিন কী করবেন।
- হালকা গরম পানিতে প্রথমে বাসন ধুয়ে নিন। এবার সব বাসনের উপর অল্প বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। শেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- এক কাপ গরম পানিতে দুই টেবিল চামচ লবণ এবং একটি পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দিয়ে বাসন ঘষে ঘষে মেজে ধুয়ে নিন।
- এক কাপ পানিতে চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ব্যবহার করে সবকটি বাসন স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
- চালের পানি দিয়ে পরিষ্কার করতে পারেন বাসন। চালের পানিতে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এগুলো বাসনের তেল-মসলা দূর করতে সাহায্য করে। ৩০ মিনিট চালের পানিতে সবকটি বাসন ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- তিন টেবিল চামচ বেকিং সোডা ও প্রয়োজন মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে নিয়ে বাসন ভালো করে মেজে ফেলুন। বাসন হবে ঝকঝকে।
তথ্য: হিন্দুস্তান টাইমস