ঈদের দিন সেমাই, পায়েস বা জর্দা তো সব বাসাতেই কমবেশি থাকে। এখন আমের ভরা মৌসুম চলছে। রেগুলার আইটেমগুলোর পাশাপাশি আমের তৈরি কয়েক ধরনের ডেসার্ট রাখতে পারেন ঈদের মেন্যুতে। আমের স্বাদে ঈদের আমেজ জমবে বেশ। জেনে নিন তিন ডেসার্টের রেসিপি।
১। আমের পুডিং
সহজ উপায়ে আমের পুডিং বানিয়ে ফেলতে পারেন। এজন্য দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। জ্বাল দেওয়ার সময় স্বাদ মতো চিনি ও কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবেন। আম টুকরো করে মিহি ব্লেন্ড করে নিন। দুধের মিশ্রণে দিয়ে নেড়ে নিন। ঘন হয়ে আসলে নামিয়ে নিন। চিনির সঙ্গে সামান্য পানি মিশিয়ে গলিয়ে ক্যারামেল বানিয়ে পুডিং বানানোর পাত্রে ঢেলে নিন। ক্যারামেলের উপর দুধ ও আমের মিশ্রণ ঢেলে বাটির ঢাকনা আটকে দিন। বড় হাঁড়িতে গরম পানি বসান। পানি ফুটে উঠলে ভেতরে স্ট্যান্ড বসিয়ে উপরে পুডিংয়ের বাটি বসান। ভারি কিছু দিয়ে চাপা দিয়ে দেবেন বাটি। ৩০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন জমেছে কিনা। জমে গেলে নামিয়ে নিন। পরিবেশনের আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
২। ম্যাংগো ডিলাইট
মজার ডেসার্ট ম্যাংগো ডিলাইট বানানোর জন্য আধা কেজি আম ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন। স্বাদ মতো চিনি ও ১/৪ কাপ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে আবার ব্লেন্ড করুন। মিশ্রণটি প্যানে নিয়ে চুলায় বসান। আধা কাপ পানি মেশাবেন এই পর্যায়ে। উচ্চতাপে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে প্যান থেকে উঠে আস্তে শুরু করলে জ্বাল কমিয়ে নাড়বেন। মিশ্রণটি আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে নিন। একটি কাচের বাটিতে তেল ব্রাশ করে ঢেলে দিন আমের মিশ্রণ। রুমের তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিন বাটি। ৪ ঘণ্টা পর বের করে ক্রিম, আমের টুকরো বা নারিকেলের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
৩। আম-কেকের ডেসার্ট
দুই কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে এক কাপ বানিয়ে নিন। দুটি আম ছোট টুকরা করে কেটে ৩/৪ টিন কনডেন্সড মিল্ক মেশান। আরও দুটি আম টুকরো করে কেটে ঘন দুধ ও টিনের বাকি কনডেন্সড মিশিয়ে ব্লেন্ড করুন। হুইপড ক্রিম ফেটিয়ে নিয়ে একটি বাটিতে এক স্তর দিন। উপরে আমের পিউরি ও দিয়ে এক টুকরা কেক বসান। উপরে কনডেন্সড মিল্ক মেশানো আমের টুকরা দিন। এর উপর আরেকটি লেয়ার করুন হুইপড ক্রিম দিয়ে। এভাবে কয়েক স্তরে সাজিয়ে নিন। উপরে কেকের টুকরো দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিন। ৪ ঘণ্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন।