ঈদের কেনাকাটা তো প্রায় শেষ। উৎসবের রূপপ্রস্তুতি সেরেছেন কি? এর মধ্যে পার্লারে যাওয়ার সময়ে করে উঠতে না পারলে ঘরোয়া যত্নই ভরসা। ঈদের দিন যেন ত্বক সতেজ দেখায় সেজন্য ঘরে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ফেস প্যাকগুলো এমন হওয়া চাই, যেগুলো ঝটপট ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা।
১। হলুদ
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের জুড়ি নেই। যেকোনও ফেসপ্যাকেই এক চিমটি হলুদ মিশিয়ে নিতে পারেন। হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের লালচে ভাব ও চুলকানি দূর করে। ত্বক উজ্জ্বল করার জন্য ১ চা চামচ মধু, ১ চা চামচ দুধ ও ১/৪ চা চামচ হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি ঝটপট ত্বকে নিয়ে আসবে জৌলুস।
২। অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বককে ভেতর থেকে ঠান্ডা করে। পাশাপাশি ত্বকে আনে উজ্জ্বলতা। অ্যালোভেরা জেলের সঙ্গে দুধের সর ও হলুদের মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
৩। চালের আটা ও নারিকেলের দুধ
একটি বাটিতে ২ টেবিল চামচ চালের আটা নিন। পরিমাণ মতো নারিকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে আঙুল ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিন। ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪। কমলা
৪ কোয়া কমলা, ২ চা চামচ বেসন ও ২ চা চামচ টক দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মিশ্রণ একদম মিহি হলে ত্বকে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৫। দুধ, ওটমিল ও দারুচিনি
ওটমিলের সঙ্গে দুধ ও দারুচিনির গুঁড়া মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধীরে ধীরে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ত্বক।
৬। টমেটো
টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্লিচিং উপাদান যা ত্বক উজ্জ্বল করে। টমেটোর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে মুছে নিন ত্বক।
৭। বেসন
১ টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।