প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। আমি খুবই ইন্ট্রোভার্ট। অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে বিব্রতবোধ করি। ফলে আমার আশেপাশে অপরিচিত কেউ থাকলে আমার মধ্যে এক ধরনের মানসিক চাপ ও অস্থিরতা দেখা দেয়। আমি খুবই অস্বস্তিতে ভুগি। কী করা উচিত, কী বলা উচিত- সেটা নিয়ে দ্বিধায় থাকি। এই সমস্যার সমাধান কীভাবে করব?
উত্তর: আপনার বর্ণিত অবস্থা সামাজিক আশঙ্কা বা আতঙ্কের (সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া) কারণে হয়েছে। এই সমস্যা দূর করার জন্য আপনি কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন-
১। শ্বাসকে নিয়ন্ত্রণে রাখুন: শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। মনে মনে ১-২-৩-৪ গুনতে গুনতে গভীর শ্বাস নিন। তারপর মনে মনে ১-২-৩-৪ গুনতে গুনতে শ্বাস ধরে রাখুন। সবশেষে মনে মনে ১-২-৩-৪-৫-৬ গুনতে গুনতে পেট ভেতর দিকে টেনে নাক দিয়েই ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। যখনই মনে হবে তখন একটানা কয়েকবার এই রকম করুন।
২। অনুশীলন: অনেক সময় অনুশীলন এবং অভিজ্ঞতা বিভিন্ন সামাজিক অবস্থানে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। পরিচিত মানুষের সাথে কথোপকথনের অনুশীলন করুন। ধীরে ধীরে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে অংশ নিন।
৩। সামাজিক দক্ষতা উন্নয়ন: ক্ষুদ্র সামাজিক সংলগ্নতা বাড়ানোর মাধ্যমে সামাজিক দক্ষতা শিখুন এবং আপনার আত্মবিশ্বাস বাড়ান।
৪। পরিস্থিতি বিশ্লেষণ: পরিস্থিতির সাথে যুক্তিভিত্তিক বিশ্লেষণ করে দেখুন এবং সম্ভাব্য ফলাফল বিবেচনা করুন।
৫। নিরপেক্ষ আত্মমূল্যায়ন: নিজের ইতিবাচক ও নেতিবাচক সকল চিন্তা ও বৈশিষ্ট্যকে সমানভাবে মেনে নিন এবং ভালো দিকগুলির ওপর মনোনিবেশ করুন।
৬। পরিস্থিতিতে মেনে নেওয়া: সবাই ভুল করে, এটি মানবত্বের অংশ। তাই, সবার সামনে ভুল হলে এটি স্বীকার করুন এবং নিজেকে দোষারোপ না করে সমর্থন দিন।
৭। মানসিক চিকিৎসকের সাহায্য: যদি এই সমস্যা গুরুতর হয়, তবে একজন মানসিক চিকিৎসকের সাথে দেখা করার পরামর্শ দেওয়া হলো।
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। একজন ছেলের সঙ্গে সম্পর্কে আছি ৭ মাস হলো। সে আমার চাইতে তিন বছরের বড়। ছেলেটি অর্থাৎ আমার প্রেমিকের বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করার ব্যাপারে খুব আগ্রহ। আমার আগ্রহ নেই বললেও বারবার এই প্রসঙ্গেই সে অনুরোধ করতে থাকে। ব্যাপারটা নিয়ে আমি বেশ বিরক্ত। আমি কি এই সম্পর্কটাকে নিয়ে ভবিষ্যৎ ভাববো কিনা বুঝতে পারছি না।
উত্তর: আপনার প্রেমিকের সাথে আপনার মূল্যবোধের পার্থক্যের কারণে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ফলে আপনি আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত। আপনার ভেতরে এখন আবেগ এবং যুক্তি নিয়ে দ্বন্দ চলছে! জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমাদের নিজেদেরকেই নিতে হবে। আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে নিজেকে সুসংহত করুন। এই মূহুর্তে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি যথাযথ মুহূর্ত নয়। বর্তমান মুহূর্তে থাকুন, যখন যে কাজটা করছেন, সেটাতে আত্মমগ্ন হোন। তাহলে, যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত আপনার ভেতর থেকে আপনা-আপনি বেরিয়ে আসবে। ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। সুষম, স্বাস্থ্যকর খাবার খান। সকালে কিছুক্ষণ খালিপায়ে ঘাসের উপর বা মাটিতে হাঁটুন।