আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরামর্শ বেশ সাড়া ফেলেছে। বলা হচ্ছে, ফ্রিজে থাকা বেকিং সোডার পাত্রটি সরিয়ে সেই জায়গায় এক রোল টয়লেট পেপার রাখতে। কেন এমন অদ্ভুত পরামর্শ দেওয়া হচ্ছে জানেন কি? রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নিন সেটাই।
টয়লেট পেপার ফ্রিজে রাখবেন কেন?
ইংল্যান্ডভিত্তিক খাদ্য বিষয়ক অনলাইন পত্রিকা অনেস্ট ফুড টকসের সম্পাদক রুইজ আসরি বলেন, টয়লেট পেপারের শোষণ ক্ষমতাই এই হ্যাকের পেছনের মূল কারণ। ফ্রিজের আর্দ্রতার কারণে প্রায়ই এক ধরনের কটু গন্ধ বের হয় ফ্রিজ থেকে। টয়লেট পেপার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, সাথে দুর্গন্ধও কমে আসে।
ফ্রিজে টয়লেট পেপার রাখার এই তত্ত্বটি ২০১৫ সালের দিকে আবিষ্কৃত হয়। তবে গন্ধ শোষণকারী হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে। গত বছরের মাঝামাঝি সময়ে টিকটক ও ফেসবুকের বিভিন্ন ভিডিওতে হ্যাকটি ব্যাপকভাবে দেখা যাওয়া শুরু হয়। এরপরই মূলত টয়লেট পেপার ফ্রিজে রাখার বিষয়টি আলোচনায় আসে।
এটা কি আসলেই কাজ করে?
পদ্ধতিটি কার্যকর- এ বিষয়ে সন্দেহ নেই। তবে এর চাইতেও কার্যকর বেশ কিছু বিকল্প রয়েছে। টয়লেট পেপার পদ্ধতি ব্যবহার করে ফ্রিজের দুর্গন্ধ দূর করার চেষ্টা করেছেন এমি নামের একজন। ‘এমি অ্যান্ড রোজ’ নামে প্যারেন্টিং ব্লগের ব্লগার তিনি। এমি জানান, ফ্রিজে মাছের আসতে গন্ধ ছিল। টয়লেট পেপার রাখার পর সেটা অনেকাংশেই দূর হয়েছে। তবে এটা অস্থায়ী সমাধান।
টয়লেট পেপারের চাইতেও কার্যকর কিছু গন্ধবিনাশকারী হচ্ছে-
- ক্ষারীয় উপাদান বেকিং সোডা চমৎকার কাজ করে ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য।
- ৫ ফোঁটা কালিজিরার তেলের সঙ্গে ১ টেবিল চামচ ডিশ সোপ মিশিয়ে মিশ্রণটির পুরু প্রলেপ লাগান ফ্রিজের ভেতরের প্লাস্টিকের বিভিন্ন অংশে। প্রলেপটি দুই ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেললে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
- এক টুকরা তুলা ভ্যানিলা এক্সট্র্যাক্টে ভিজিয়ে ফ্রিজের ভেতরে রাখুন। এটি দুর্গন্ধ তো দূর করবেই, পাশাপাশি ফ্রিজে এনে দেবে মিষ্টি ঘ্রাণ।