প্রতিদিন কিছু চুল স্বাভাবিক নিয়মেই ঝরে যায়। তবে চিরুনি ভর্তি চুল পড়া দুশ্চিন্তার কারণ হতে পারে। নানা কারণে অতিরিক্ত চুল ঝরতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে। বায়োটিনের অপর্যাপ্ত মাত্রার কারণেও চুল ভেঙে যায় এবং ঝরে পড়ে। আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি-সমৃদ্ধ ফল এবং শাকসবজি না খান, তবে শরীরের জন্য আয়রন শোষণ করা আরও কঠিন হয়ে পড়ে। আয়রনের ঘাটতি চুল পড়ার মাত্রা বাড়িয়ে দেয়। আবার নির্দিষ্ট কিছু রোগের কারণেও চুল পড়তে পারে। চুল পড়লে আগেই কারণ খুঁজে দেখুন। উল্লেখযোগ্য কারণ না পেলে ভেবে দেখুন তো আপনারই কোনও ভুল অভ্যাসের কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়ে ঝরে পড়ছে না তো?
- ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস থাকলে সেটা চুল পড়ার কারণ হতে পারে। ভেজা চুল আঁচড়াবেন না কখনও। ভেজা চুল বেঁধে রাখাও অনুচিত।
- চুলে কখনও গরম পানি দেবেন না। গরম পানি যেমন শুষ্ক ও প্রাণহীন করে চুল, তেমনি চুলের গোড়াও দুর্বল করে দেয়।
- স্টাইলিং এর জন্য চুলে ঘন ঘন গরম যন্ত্র ব্যবহারের কারণে চুল পড়ে যেতে পারে।
- সময়ের অভাবে নিয়মিত চুল আঁচড়ানোর কথা ভুলে যান অনেকে। প্রতিদিন কয়েক মিনিট চুল ভালোভাবে আঁচড়ানো দরকার। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে। চুলের স্বাস্থ্যও ঠিক থাকে।
- অনেকে শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় ও ঝরে পড়ে।
- অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ধূমপান ও ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটও চুল পড়ার বড় কারণ।
- বলপ্রয়োগ করে চুল আঁচড়ানো বা তোয়ালে দিয়ে চুল জোরে ঝাড়া চুল পড়ার কারণ হতে পারে।
- চুলে রঙ বা রাসায়নিক ব্যবহারের কারণেও চুল অকালে পড়ে যেতে পারে।
- আঁটসাঁটভাবে চুল দীর্ঘক্ষণ বেঁধে রাখার অভ্যাস থাকলে সেটা চুলের ক্ষতির কারণ হতে পারে।
- চুলে প্রতিদিন শ্যাম্পু দেবেন না বা চুল প্রতিদিন ধোবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার ও পানি লাগানো চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।