পুষ্টিগুণ সমৃদ্ধ বাদামকে বলা হয় এনার্জির পাওয়ার হাউজ। প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবারের চমৎকার উৎস বাদাম। যারা নিয়মিত বাদাম খান, তাদের রক্তে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অন্যান্যদের তুলনায় কম থাকে। বেশিরভাগ বাদামই ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা হার্টের জন্য খুব ভালো। উঠতি বয়সী শিশুদের জন্যও বাদাম খুব উপকারী, কারণ এতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তবে বাদাম ঠিক মতো সংরক্ষণ করা না হলে এর প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে স্বাদ ও মান দুটোই কমে যায় বাদামের। ফ্রেশ বাদাম পেতে চাইলে তাই কেনার আগে কিছু বিষয় মনে রাখতে হবে।
- বাদাম খুব চকচকে হলেই যে তা সব সময় ভালো হবে, এমনটা নয়। বাদাম এবং ড্রাই ফ্রুটসের রঙ সবসময় চকচকে হয় না। তবে বাদামে কোনও ছিদ্র, কালচে ভাব রয়েছে কি না, সেটা দেখে নেওয়া দরকার।
- বাদাম ভালো হলে সেটা শক্ত হবে। হাতে নিয়ে নরম মনে হলে সেটা কিনবেন না।
- বাসি বাদামের স্বাদ তেতো হয়। এর কারণ বাদামের নিজস্ব তেলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। বাদাম কেনার আগে মুখে দিয়ে দেখুন স্বাদ ভালো কিনা।
- গন্ধেও চেনা যায় বাদাম ফ্রেশ কিনা। পুরনো বাদামে এক ধরনের তেল চিটে গন্ধ থাকে।
- কাঠবাদাম ভালো মানের হলে পানিতে দিলেই ডুবে যাবে। সাধারণত গুণমান খারাপ হলে সেটি ভেসে ওঠে।
- কাঠবাদাম কেনার সময় খোসার রঙ দেখে নিন। গাঢ় বাদামি হলে বুঝবেন সেটা ভালো মানের।
- খোলা বাদাম কিনবেন না। কারণ উন্মুক্ত এবং বাতাসের সংস্পর্শে থাকা বাদাম দ্রুত নষ্ট হয়ে যায়।
- বাদাম কেনার আগে মেয়াদ দেখুন। সাম্প্রতিক প্যাকেজিং করা হয়েছে এমন বাদাম কিনুন।