সাদা পোশাকে লাগা পুরনো দাগ দূর করার ৪ উপায়

ধুয়ে পরিষ্কার করে রাখা সদা পোশাকটি বের করে দেখলেন ঘাম বা মসলার হলদে দাগ হয়ে আছে। কখন লেগেছে সেটা খেয়ালই নেই। কী করবেন এসব ক্ষেত্রে? সাদা পোশাকে লেগে থাকা পুরনো দাগ তোলার বেশ কিছু কার্যকর উপায় রয়েছে। জেনে নিন সেগুলো সম্পর্কে। 

  1. ঘামের দাগ বা খাবারের দাগ ওঠাতে চাইলে বেকিং সোডা দারুণ কাজের। ৪ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন। ব্রাশ বা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। 
  2. ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারের ব্যবহার করুন। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের উপর স্প্রে করুন এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  3. পোশাকে মরিচার দাগ লেগে থাকলে ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে পোশাক ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দাগের উপর লবণ ছিটিয়ে দিন। ৫ মিনিট অপেক্ষা করে সরাসরি লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন। 
  4. যদি কোনও পদ্ধতিতেই কাজ না হয় তবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারেন। এটি এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তবে রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে রঙ নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সাদা জামায় যে হলদেটে ছোপ পড়ে, তা দূর করার জন্য এটি উপযোগী। পাশাপাশি খাবারের দাগ বা যেকোনও ধরনের পুরনো জোরালো দাগও সহজে ওঠানো যায় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে। উপাদানটি বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত রেখে ধুয়ে ফেলুন।