দুই দিনের উৎসবে শিশুদের জন্য ওয়ার্কশপ, নাটক প্রদর্শনী ও গান উৎসব

আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব।’ দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি  সকাল ১১টায় শিশুরা নিজেরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্রাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল।’ এরপরই থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা এটি চলবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা আয়োজন করেছে জলপুতুল পাপেটস।

সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশি পণ্যের প্রদর্শনী।  

৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’ বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য।’

বিকালে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা।’ প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ। সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান।’

সম্পূর্ণ আয়োজনটিই হবে শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।

এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা।