গোসলের আগে চুলে ডিম লাগালে কী হয় জানেন?

ডিম যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি চুলের যত্নেও এর রয়েছে ভূমিকা। ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, বায়োটিন এবং খনিজ পদার্থ। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে। চুলে ডিম লাগালে তা প্রাকৃতিক কন্ডিশনারের মতোই কাজ করে। ডিম চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুল ভাঙা রোধ করে। খুশকি, চুলের রুক্ষতা কিংবা আগা ফাটার সমস্যায় দারুণ প্রাকৃতিক সমাধান দিতে পারে ডিম। জেনে নিন গোসলের আগে কীভাবে চুলে ডিম লাগাবেন। 

১। একটি ডিমের সাদা অংশ এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান মিশ্রণটি। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে রেশমি এবং প্রাণবন্ত। 

২। ডিমের মাস্ক তৈরির জন্য একটি বা দুটি ডিম ভেঙে নিন। ডিমের পরিমাণ নির্ভর করে চুল কত লম্বা এবং ঘন সেটার উপর। ডিম ভালো করে ফেটিয়ে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মেশান। এই তেলগুলো ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা চুলের পুষ্টি জোগায় এবং কন্ডিশন করতে সাহায্য করে। এই মাস্কে ১ টেবিল চামচ মধু যোগ করতে পারেন। মধু চুলকে অতিরিক্ত আর্দ্রতা প্রদান করবে। মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে যা মাথার ত্বককে সুস্থ রাখে।

৩। ডিম ও মেহেদির হেয়ার প্যাক চুলের যত্নে দারুণ কার্যকর। ৩ চা চামচ মেহেদির সঙ্গে আধা কাপেরও কম পানি মিশিয়ে নিন। দুটি ডিম এবং ২ চা চামচ দুধ যোগ করুন। ভালো করে ফেটিয়ে চুলে লাগান। ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

৪। ডিমের কুসুমের সঙ্গে মেশান টক দই। ভালো করে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।