ডিজিটাল যুগে অভিভাবকত্ব: বাবা-মায়ের জন্য কিছু টিপস

ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি অংশে প্রবলভাবে প্রবেশ করেছে। শিক্ষা, বিনোদন, যোগাযোগ থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম পর্যন্ত সবকিছুতেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এর প্রভাব শিশুদের উপর গভীর, তাই বাবা-মায়েদের দায়িত্বও বেড়েছে। শুধু ডিভাইস ব্যবহারের সীমা নির্ধারণ করাই নয়, বরং একটি সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাও জরুরি। জেনে নিন কিছু টিপস।

১. ডিজিটাল যুগে অভিভাবকত্ব কেন গুরুত্বপূর্ণ?

  •  ইন্টারনেটে শিশু দ্রুত তথ্য পায়, কিন্তু সব তথ্য সঠিক বা নিরাপদ নয়।
  • দীর্ঘ সময় স্ক্রিনে থাকার ফলে ঘুমের সমস্যা, মনোযোগ কমে যাওয়া ও শারীরিক অসুবিধা দেখা দিতে পারে।
  • সাইবারবুলিং, অনুপযুক্ত কন্টেন্ট ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো ঝুঁকি রয়েছে।

২. বাবা-মায়ের করণীয়

  • ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে, তা বাবা-মা আগে নিজেরা শিখুন। অনলাইন গেম, অ্যাপ ও প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা রাখুন, যেখানে আপনার সন্তান বেশি সময় কাটায়।
  • বয়স অনুযায়ী স্ক্রিন টাইম ঠিক করুন (যেমন, আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স-এর সুপারিশ মতে, ২–৫ বছর বয়সে দিনে ১ ঘণ্টা মানসম্মত কন্টেন্ট)। শোবার আগে অন্তত ১ ঘণ্টা ডিভাইসমুক্ত সময় রাখুন।
  • পরিবারের জন্য একটি ‘ডিজিটাল রুলস চার্ট’ তৈরি করুন—কোন সময় ডিভাইস ব্যবহার হবে, কোথায় হবে, এবং কোন ধরনের কন্টেন্ট দেখা যাবে। শিশুদের সাথে বসে নিয়মগুলো আলোচনা করুন।
  • অনলাইন নিরাপত্তা ব্যবস্থার জন্য প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার ব্যবহার করুন। শিশুদের শেখান—কখনও অপরিচিত কারো সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে।
  • খেলাধুলা, বই পড়া, আঁকাআঁকি, প্রকৃতির মাঝে সময় কাটানো—এগুলোকে ডিজিটাল জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ করে তুলুন। -
  • আপনার নিজের ডিভাইস ব্যবহারে সচেতন হোন, কারণ শিশুরা আপনাকে অনুসরণ করে।
  • সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন যাতে সে অনলাইন অভিজ্ঞতা শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
  • মাঝে মাঝে সন্তান যা অনলাইনে করে তাতে অংশ নিন, যেমন একসাথে শিক্ষামূলক ভিডিও দেখা বা গেম খেলা।
  • অনলাইন কন্টেন্ট যাচাই করার কৌশল, ভুয়া খবর চেনা ও দায়িত্বশীলভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার শেখান সন্তানকে।
  • সন্তানের আচরণে পরিবর্তন, বিচ্ছিন্নতা বা অস্থিরতা লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নিন।


তথ্যসূত্র: আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক, ইউনিসেফ