লুই ভিতোঁ: বিলাসের জন্ম হয়েছিল প্রয়োজন থেকে

লুই ভিতোঁ মানেই বিলাস, আভিজাত্য আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক রাজকীয় ব্র্যান্ড। কিন্তু এই নামের শুরুর গল্পে ছিল না কোনও রাজকীয়তা। ছিল পথচলা, অনাহার, পরিশ্রম আর টিকে থাকার লড়াই।

১৮২১ সালে পূর্ব ফ্রান্সের এক ছোট গ্রামে জন্ম লুই ভিতোঁর। বয়স তখন মাত্র ১৩। একদিন হঠাৎই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। গন্তব্য প্যারিস। হাঁটতে হাঁটতেই পাড়ি দেন চার শতাধিক কিলোমিটার পথ। এই যাত্রা শেষ হতে তাঁর লেগেছিল প্রায় দুই বছর। পথে ছোটখাটো কাজ করে দিন কাটিয়েছেন, যেখানে পেরেছেন সেখানেই রাত কাটিয়েছেন। প্যারিসে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিল না কিছুই, শুধু ছিল অদম্য সংকল্প।

প্যারিসে এসে লুই ভিতোঁ কাজ নেন একজন বাক্স প্রস্তুতকারক ও প্যাকারের শিক্ষানবিশ হিসেবে। উনিশ শতকে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। ধনী মানুষরা তখন দীর্ঘ ভ্রমণে বেরোতেন বিপুল পরিমাণ জিনিসপত্র নিয়ে, আর সেগুলো হাতের কাজেই নিখুঁতভাবে প্যাক করতে হতো। লুই শিখে নেন কীভাবে শক্ত কাঠের ট্রাঙ্ক বানাতে হয়, কীভাবে পোশাক এমনভাবে গুছিয়ে রাখতে হয় যাতে দীর্ঘ পথেও ভাঁজ না পড়ে বা নষ্ট না হয়।

এই দক্ষতাই তাকে আলাদা করে তোলে। ১৮৫৪ সালে তিনি প্যারিসে নিজের ওয়ার্কশপ খোলেন। সে সময় বেশিরভাগ ট্রাঙ্কের ঢাকনা ছিল গোল, ফলে সেগুলো একটির ওপর আরেকটি রাখা কঠিন ছিল। লুই ভিতোঁ এই প্রচলিত ধারণা ভেঙে তৈরি করেন সমতল ঢাকনাযুক্ত ট্রাঙ্ক, যা ছিল হালকা, মজবুত এবং বহনে সুবিধাজনক। একটি সহজ কিন্তু যুগান্তকারী ভাবনা বদলে দেয় ভ্রমণের ইতিহাস।

জনপ্রিয়তা বাড়তেই শুরু হয় নকলের দৌড়। তখনই লুই ভিতোঁ নেন আরেকটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। ট্রাঙ্কে ব্যবহার করতে শুরু করেন বিশেষ নকশা ও উপকরণ, যাতে সেগুলো সহজে চেনা যায় এবং নকল করা কঠিন হয়। এভাবেই জন্ম নেয় লুই ভিতোঁর বিখ্যাত নকশাগুলো। যেগুলো আদতে ছিল সৌন্দর্যের জন্য নয়, বরং প্রতারণা ঠেকানোর জন্য।সফল লুই ভিতোঁ১৮৯২ সালে লুই ভিতোঁর মৃত্যু হলেও তার স্বপ্ন থেমে থাকেনি। দায়িত্ব নেন তার ছেলে জর্জ ভিতোঁ। তিনিই ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যান। ধীরে ধীরে ট্রাঙ্কের সীমা ছাড়িয়ে লুই ভিতোঁ প্রবেশ করে হ্যান্ডব্যাগ, ফ্যাশন ও বিলাসী অ্যাকসেসরিজের জগতে।

লুই ভিতোঁর গল্প তাই শুধু বিলাসের নয়। এই গল্পের শুরুটা হয়েছিল কঠোর পরিশ্রম, নিখুঁত কারিগরি দক্ষতা আর বাস্তব সমস্যার সমাধান দিয়ে। আজকের ঝলমলে লুই ভিতোঁ ব্র্যান্ডের পেছনে লুকিয়ে আছে এক কিশোরের দীর্ঘ হাঁটা পথ, আর এক জীবনের নিরলস সাধনা। যা অনেকেরই অজানা।

সূত্র: ফরেভার প্যারিস