গরমের দিনে সতেজ ও সুস্বাদু পানীয়

গরমের তীব্রতায় শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন এক গ্লাস ঠান্ডা শরবত তাত্ক্ষণিক স্বস্তি এনে দেয়। শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে ঠান্ডা এবং পানিশূন্যতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক উপাদানে তৈরি শরবত গরমের দিনে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে এক সহজ এবং সুস্বাদু উপায়।

 

শরবত তৈরি করাও খুব সহজ—মৌসুমি ফল, লেবুর রস, পানি, চিনি ও এক চিমটি লবণ মিশিয়ে বানানো যায় টক-মিষ্টি লেবুর শরবত। চাইলে এতে পুদিনা পাতা বা বরফ যোগ করে স্বাদ বাড়ানো যায়। আসুন জেনে নেওয়া যাক এমন চারটি শরবতের রেসিপি-

শসার পানীয়

 

১. প্রথমে তিনটি ছোট সাইজের শসা টুকরো করে কেটে নিন। এরপর এতে তিনটি লেবুর রস যোগ করুন। এবার স্বাদমতো চিনি ও ছয় কাপ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে এক চিমটি লবণ মিশিয়ে আবার হালকা ব্লেন্ড করুন। ব্যাস, তৈরি হয়ে গেল উপকারী শসার শরবত। এবার একটি গ্লাসে কয়েকটি বরফের টুকরো দিয়ে শরবত ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

গুড় পুদিনার পানীয়

 

২. প্রথমে ১৪৮ গ্রাম গুড় নিয়ে নিন। এর সঙ্গে ১০–১২টি পুদিনা পাতা, আধা টেবিল চামচ বিট লবণ, আধা চা চামচ লবণ এবং আধা টেবিল চামচ সরিষা যোগ করুন। এরপর এতে পাঁচ কাপ পানি, কয়েক টুকরো বরফ, দুই টুকরো আদা ও একটি লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে যাবে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা গুড়-পুদিনার শরবত।

আনারসের পানীয়

 

৩. একটি আনারস কুচি করে কেটে নিন। এতে দিয়ে দিন তিনটি লেবুর রস, ১০–১২টি পুদিনা পাতা, স্বাদমতো চিনি, এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ লবণ এবং তিন কাপ পানি। এবার ভালোভাবে ব্লেন্ড করুন। একটি গ্লাসে কয়েকটি বরফের টুকরো, কয়েকটি লেবুর টুকরো, তিন টেবিল চামচ আনারস কুচি এবং দুই টেবিল চামচ মধু নিন। এরপর ব্লেন্ড করা শরবতটি ছাঁকনি দিয়ে ছেকে সেই গ্লাসে ঢেলে পরিবেশন করুন। সুস্বাদু আনারসের শরবত প্রস্তুত।

কাঁচা আমের পানীয়

 

৪. প্রথমে একটি কাঁচা আম নিন। এর সঙ্গে এক টেবিল চামচ ধনে পাতা কুচি, ১০–১২টি পুদিনা পাতা, এক চা চামচ ভাজা জিরার গুড়ো, আধা টেবিল চামচ বিট লবণ, আধা টেবিল চামচ লবণ এবং স্বাদমতো চিনি মেশান। এরপর এতে একটি কাঁচা মরিচ ও অর্ধেক লেবুর রস যোগ করুন। চার কাপ পানি এবং কয়েকটি বরফের টুকরো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক-মিষ্টি ঝাল স্বাদের মজাদার শরবত।