ভীষণ গরম, এই সময় ভাতের সঙ্গে কি খাওয়া যায় এই নিয়ে সবাই বিপাকে। সিজনাল সবজিটাই শরীরের জন্য সবচেয়ে উপকারী। সেরকম একটি সবজি হচ্ছে সজনে।অনেকেই পুরো বছর ধরে অপেক্ষা করে থাকেন ডাটার মতো এই সবজিটির জন্য।একটু ভিন্ন করে এটি রান্না করলে দারুণ লাগবে। আজকে বাংলা ট্রিবিউন দিচ্ছে আম-সজনে ডাটার ঝোলের রেসিপি।
উপকরণ:
আম- ১টি,
সজনে ডাটা- আধ কেজি
আদা বাটা- ১টেবিল চামচ
রসুন ও পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ
কাঁচা মরিচ ফালি-১টি
সরিষা বাটা- ১ চা চামচ
সরিষার তেল – ২ টেবিল চামচ
লবণ- পরিমাণ মতো
প্রণালী: সজনে ডাটা ধুয়ে এক আঙুল পরিমাণ লম্বা করে কেটে নিন। আমও ফালি ফালি করে কেটে নিন। এবার তেলসহ সব মসলা দিয়ে মাখিয়ে অল্প পানি দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন সজনে ডাটা। আম সেদ্ধ হয়ে গলা গলা হয়ে ঘন ঝোল হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।আলু পছন্দ করলে সামান্য একটু আলুও লম্বা ফালি করে দিতে পারেন।
সজনে ডাটা আঁশযুক্ত খাবার হওয়ার কারণে এই গরমে এটি ভীষণ উপকারী হবে সবার জন্য। এছাড়াও আমের টক আপনার শরীরকে শীতল হতে সহায়তা করবে।
ছবি কৃতজ্ঞতা: শাহাদাত উদরাজী।
/এফএএন/