বিকালের নাশতায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে তৈরি করতে পারেন মজাদার মাশরুম কোপ্তা। হালকা টক-মিষ্টি স্বাদে তৈরি এই পদটি হতে পারে ভিন্নধর্মী নাশতার আয়োজন। মাশরুমে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। তাই স্বাদের পাশাপাশি খাবারের তালিকায় পুষ্টিকর একটি উপাদানও যোগ হবে।
খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প কয়েকটি উপকরণে তৈরি করা যায় মাশরুম কোপ্তা। গরম গরম পরিবেশন করলে বাইরের অংশ থাকবে মচমচে, আর ভেতরটা হবে নরম ও সুস্বাদু।
মাশরুম কোপ্তা তৈরিতে যা লাগবে
মাশরুম লাগবে ২৫০ গ্রাম। এর সঙ্গে নিতে হবে বেসন ৩ টেবিল চামচ, আনারের দানা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ এবং লবণ ১ চা-চামচ। ভাজার জন্য লাগবে আধা কাপ সয়াবিন তেল। মিশ্রণ প্রয়োজন অনুযায়ী সামান্য পানি ব্যবহার করা যেতে পারে।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাশরুম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর মাশরুম বেটে বা ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে বাটা মাশরুমের সঙ্গে বেসন, আনারের দানা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি বেশি শুকনো মনে হলে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিন। তবে মিশ্রণ যেন খুব পাতলা না হয়।
এবার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে ছোট ছোট বলের মতো কোপ্তা তৈরি করুন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে কোপ্তাগুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
তৈরি হয়ে গেল সুস্বাদু মাশরুম কোপ্তা। গরম গরম পরিবেশন করুন টমেটো সস, পুদিনার চাটনি কিংবা পছন্দের অন্য কোনও ডিপের সঙ্গে।