প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখার বার্তা নিয়ে পালিত হয় পার্ক সার্ভিস প্রতিষ্ঠা দিবস। যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান, ঐতিহাসিক স্থাপনা, বন্যপ্রাণী ও বৈচিত্র্যময় প্রতিবেশব্যবস্থা সংরক্ষণের দীর্ঘ ইতিহাসকে স্মরণ করতেই দিনটি পালিত হয়। প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা, সংরক্ষণকর্মীদের অবদান এবং এসব স্থানের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।
যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ
জাতীয় উদ্যান শুধু ভ্রমণ বা বিনোদনের স্থান নয়। এগুলো একটি দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। পাহাড়, বন, হ্রদ, মরুভূমি কিংবা ঐতিহাসিক স্থাপনা প্রতিটি স্থানই বহন করে নিজস্ব ইতিহাস ও জীববৈচিত্র্য।
ন্যাশনাল পার্ক সার্ভিস প্রতিষ্ঠা দিবস তাই এসব সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে মানুষকে সংরক্ষণ কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে, যাতে প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নিরাপদ ও উপভোগ্য থাকে।
যেভাবে শুরু হয়েছিল
১৯১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের স্বাক্ষরের মাধ্যমে পার্ক সার্ভিস প্রতিষ্ঠিত হয়। এর আগে দেশটিতে বেশ কয়েকটি জাতীয় উদ্যান থাকলেও সেগুলোর দেখভাল ও সংরক্ষণের জন্য কোনও একক সংস্থা ছিল না।
নতুন এই সংস্থা জাতীয় উদ্যানগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় একটি সমন্বিত কাঠামো তৈরি করে। উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অতিরিক্ত ব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
এই উদ্যোগের পেছনে ছিলেন এমন কিছু দূরদর্শী মানুষ, যারা বিশ্বাস করতে প্রকৃতি ও ইতিহাস কোনও নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; সবারই এসব স্থান দেখার, জানার ও উপভোগ করার অধিকার রয়েছে।
কীভাবে দিবসটি উদ্যাপন করবেন
দিবসটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। প্রকৃতির কাছাকাছি যাওয়া কিংবা সংরক্ষণে সামান্য অবদান রাখার মাধ্যমেই দিনটিকে অর্থবহ করে তোলা যায়।
পার্কে পিকনিক: প্রিয়জনদের নিয়ে কাছের কোনও জাতীয় উদ্যানে পিকনিকের আয়োজন করতে পারেন। গাছপালা, পাখির ডাক ও নির্মল পরিবেশের মধ্যে খাবার উপভোগের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করা যাবে।
সঙ্গে নিতে পারেন চাদর, বই কিংবা হালকা বিনোদনের সামগ্রী। তবে অবশ্যই পার্কের পরিচ্ছন্নতা বজায় রেখে সব আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
রেঞ্জারের সঙ্গে ঘুরে দেখুন: পার্কের রেঞ্জারের নেতৃত্বে পরিচালিত ভ্রমণে অংশ নেওয়া হতে পারে আরও শিক্ষামূলক অভিজ্ঞতা। এতে উদ্যানের ইতিহাস, বন্যপ্রাণী, উদ্ভিদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ থাকে।
কৌতূহলী প্রশ্ন করার সুযোগও থাকে এসব ভ্রমণে। ফলে সাধারণ ভ্রমণের চেয়ে একটি জাতীয় উদ্যানকে আরও গভীরভাবে বোঝা সম্ভব।
নতুন হাঁটার পথ আবিষ্কার করুন: আগে কখনো যাননি এমন কোনও হাঁটার পথ বেছে নিতে পারেন। নতুন পথে হাঁটতে গিয়ে দেখা মিলতে পারে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, জলপ্রপাত কিংবা বিচিত্র পাথুরে গঠনের।
অভিজ্ঞ হাইকার না হলেও সমস্যা নেই। নিজের সামর্থ্য অনুযায়ী সহজ পথ বেছে নিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং শরীরচর্চা দুই কাজই একসঙ্গে করা যায়।
পরিচ্ছন্নতায় অংশ নিন: পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়া দিবসটি পালনের অন্যতম অর্থবহ উপায়। আবর্জনা পরিষ্কার, হাঁটার পথের রক্ষণাবেক্ষণ কিংবা বৃক্ষরোপণের মতো কাজেও যুক্ত হওয়া যায়। ছোট একটি উদ্যোগও পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে বড় ভূমিকা রাখতে পারে।
প্রকৃতির ছবি তুলুন: ক্যামেরা বা মুঠোফোনে পার্কের সৌন্দর্য ধরে রাখুন। পাহাড়, হ্রদ, বন কিংবা বন্যপ্রাণীর ছবি তুলে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি প্রকাশের মাধ্যমে অন্যদেরও জাতীয় উদ্যান ভ্রমণ ও প্রকৃতি সংরক্ষণে আগ্রহী করে তোলা সম্ভব।
ঘরে বসে প্রামাণ্যচিত্র দেখুন: পার্কে যাওয়ার সুযোগ না থাকলেও দিবসটি উদ্যাপন করা যায়। জাতীয় উদ্যানের ইতিহাস, বন্যপ্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দেখতে পারেন। বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন করলে তা যেমন বিনোদন দেবে, তেমনি এসব সংরক্ষিত এলাকার গুরুত্ব সম্পর্কেও নতুন ধারণা তৈরি করবে।
প্রকৃতিপ্রেমীকে উপহার দিন: বন্ধু বা পরিবারের সদস্যদের জাতীয় উদ্যানভিত্তিক উপহারও দিতে পারেন। প্রাকৃতিক দৃশ্যের মানচিত্র, প্রকৃতি ও ভ্রমণবিষয়ক বই কিংবা পার্কে প্রবেশের পাস হতে পারে উপযুক্ত উপহার। এ ধরনের ছোট উদ্যোগ কারও মধ্যে প্রকৃতি ভ্রমণের আগ্রহ তৈরি করতে পারে এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনও করে তুলতে পারে।
প্রকৃতি রক্ষার বার্তা
ন্যাশনাল পার্ক সার্ভিস প্রতিষ্ঠা দিবস মূলত একটি বিষয়ই মনে করিয়ে দেয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অধিকার যেমন আমাদের আছে, তেমনি সেটিকে রক্ষা করার দায়িত্বও আমাদের। আজকের সচেতনতা ও সংরক্ষণ উদ্যোগই নিশ্চিত করতে পারে, ভবিষ্যৎ প্রজন্মও যেন একই পাহাড়, বন, হ্রদ, বন্যপ্রাণী ও ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায়।