রং, মিষ্টি স্বাদ আর শৈশবের স্মৃতিতে ভরা একটি দিন কুল-এইড দিবস। জনপ্রিয় এই রঙিন পানীয়কে ঘিরে প্রতি বছর পালিত হয় দিনটি। কুল-এইডের পরিচিত স্বাদ যেমন নস্টালজিয়া জাগায়, তেমনি এর নানা ফ্লেভার ও উজ্জ্বল রং সৃজনশীলতারও সুযোগ করে দেয়।
ক্লাসিক চেরি ফ্লেভারের ভক্ত হোন কিংবা নিজের পছন্দমতো বিভিন্ন ফ্লেভার মিশিয়ে নতুন স্বাদ তৈরি করতে ভালোবাসুন, কুল-এইড দিবস হতে পারে একটু ভিন্নভাবে আনন্দ করার উপলক্ষ। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে পছন্দের ফ্লেভারের এক জগ কুল-এইড তৈরি করে শুরু হতে পারে দিনের আয়োজন।
স্বাদে নতুনত্ব
কুল-এইড দিবসে নিজের পছন্দমতো ফ্লেভার মিশিয়ে তৈরি করা যায় নতুন ধরনের পানীয়। বেরি ও লাইম কিংবা বিভিন্ন ফলের স্বাদ মিলিয়ে তৈরি করা যেতে পারে নিজস্ব ‘সিগনেচার’ ড্রিংক। নতুন পানীয়ের সঙ্গে দেওয়া যেতে পারে মজার কোনো নামও। এতে সাধারণ একটি পানীয় তৈরির কাজটিও হয়ে উঠতে পারে আনন্দের আয়োজন।
পানীয় থেকে শিল্পকর্ম
কুল-এইড শুধু পান করার জন্যই নয়, সৃজনশীল কাজেও ব্যবহার করা যায়। বিভিন্ন রঙের কুল-এইড পাউডার সামান্য পানির সঙ্গে মিশিয়ে শিশুদের জন্য তৈরি করা যেতে পারে রঙ। এতে তারা নিজেদের মতো করে ছবি আঁকার সুযোগ পাবে। রঙের বৈচিত্র্য ও মিষ্টি সুবাস এই অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলতে পারে।
রান্নাঘরেও কুল-এইড
বেকিং ও রান্নায়ও কুল-এইড ব্যবহার করে আনা যায় ভিন্ন স্বাদ ও রং। চকলেট কাপকেকের ওপর ব্যবহার করা যেতে পারে কুল-এইড ফ্রস্টিং। আবার গ্রিল করা চিকেন উইংসে তৈরি করা যেতে পারে টক-মিষ্টি স্বাদের কুল-এইড গ্লেজ। তবে খাবারে ব্যবহারের ক্ষেত্রে উপকরণের পরিমাণ ও স্বাদের ভারসাম্যের দিকে নজর রাখা জরুরি।
স্বাদ যাচাইয়ের আয়োজন
বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করা যেতে পারে কুল-এইড টেস্টিং পার্টি। পরিচিত ফ্লেভারের পাশাপাশি রাখা যেতে পারে নিজেদের তৈরি নতুন কিছু মিশ্রণ। সবাই মিলে প্রতিটি ফ্লেভারের স্বাদ নিয়ে রেটিং দিতে পারেন এবং বেছে নিতে পারেন দিনের সেরা পানীয়।
আয়োজনটিকে আরও মজার করতে ‘সেরা ফ্লেভার’, ‘সবচেয়ে রঙিন’ কিংবা মজার ছলে ‘সেরা ব্যর্থতা’র মতো পুরস্কারের ব্যবস্থাও রাখা যেতে পারে।
ছোটদের জন্য মজার বিজ্ঞান
শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেও কুল-এইডকে কাজে লাগানো যায়। বেকিং সোডা, ভিনেগার ও কুল-এইড ব্যবহার করে তৈরি করা যেতে পারে রঙিন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মডেল। পরিচিত এই বিজ্ঞান পরীক্ষায় রঙের ব্যবহার শিশুদের কাছে বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। অবশ্যই এ ধরনের পরীক্ষা বড়দের তত্ত্বাবধানে করা উচিত।
গরমে কুল-এইড আইস পপ
গরমের দিনে কুল-এইড দিয়ে তৈরি করা যায় ঘরোয়া আইস পপ। পছন্দের ফ্লেভার পানির সঙ্গে মিশিয়ে আইস পপের ছাঁচে ঢেলে ফ্রিজে জমিয়ে নিলেই তৈরি। এর সঙ্গে ফলের টুকরো যোগ করা যায়। আবার বিভিন্ন ফ্লেভার স্তরে স্তরে জমিয়ে তৈরি করা সম্ভব রংধনুর মতো রঙিন আইস পপ।
টাই-ডাইয়ে রঙের খেলা
সৃজনশীলতার আরেকটি মজার আয়োজন হতে পারে কুল-এইড টাই-ডাই। সাদা টি-শার্ট, মোজা বা ব্যান্ডানায় বিভিন্ন রঙের কুল-এইড ব্যবহার করে তৈরি করা যায় রঙিন নকশা। নিজের হাতে তৈরি এমন পোশাক বা কাপড় হয়ে উঠতে পারে একেবারে আলাদা ধরনের স্মারক। তবে কাপড়ে রং করার ক্ষেত্রে উপকরণটি কাপড়ের জন্য নিরাপদ কি না, তা আগে নিশ্চিত হওয়া উচিত।
কুল-এইডের শুরু যেভাবে
কুল-এইডের ইতিহাসও এর রঙিন স্বাদের মতোই বৈচিত্র্যময়। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের সরকারি সফট ড্রিংক হিসেবে পরিচিত এই পানীয়ের যাত্রা শুরু নেব্রাস্কার হেস্টিংস শহরে।
রসায়ন ও উদ্ভাবনের প্রতি আগ্রহী এডউইন পারকিন্স প্রথমে তৈরি করেছিলেন ঘন তরল পানীয়ের একটি মিশ্রণ। এর নাম ছিল ‘ফ্রুট স্ম্যাক’। তবে কাচের বোতলে তরল পানীয় পরিবহনের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিত। বোতল ছিল ভারী এবং সহজেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকত।
১৯২৭ সালে পারকিন্স ফ্রুট স্ম্যাক থেকে তরল অংশ বাদ দিয়ে সেটিকে পাউডার আকারে তৈরি করেন। পরে ছোট খামে এই পাউডার প্যাকেটজাত করা শুরু হয়। এভাবেই জন্ম নেয় কুল-এইড।
প্রথমদিকে কুল-এইড পাইকারি মুদি ও মিষ্টির দোকানে প্রতি প্যাকেট ১০ সেন্ট দামে বিক্রি হতো। প্রথম দিকের প্যাকেটে ছিল ছয়টি ফ্লেভার চেরি, আঙুর, লেমন-লাইম, কমলা, রাস্পবেরি ও স্ট্রবেরি। ১৯২৯ সালের মধ্যেই পানীয়টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মুদি দোকানে পৌঁছে যায়।
গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সময় কুল-এইডের ব্যবসায়ও ধাক্কা লাগে। তখন প্রতি প্যাকেটের দাম কমিয়ে ৫ সেন্ট করা হয়। এর ফলে অল্প আয়ের মানুষের কাছেও কুল-এইড আরও সহজলভ্য হয়ে ওঠে এবং কম দামে পাওয়া এই পানীয় অনেক পরিবারের কাছে সাশ্রয়ী আনন্দের উপকরণে পরিণত হয়।
জনপ্রিয় হয়ে ওঠে কুল-এইড ম্যান
১৯৫৩ সালে এডউইন পারকিন্স কুল-এইডের স্বত্ব জেনারেল ফুডসের কাছে বিক্রি করেন। এরপর কুল-এইডের বিজ্ঞাপনে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় চরিত্র ‘কুল-এইড ম্যান’-কে। দেয়াল ভেঙে হাজির হয়ে তার বিখ্যাত ‘ওহ ইয়াহ!’ সংলাপ বলার দৃশ্যটি দ্রুতই জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
প্রতি বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহান্তে নেব্রাস্কার হেস্টিংস শহরে অনুষ্ঠিত হয় ‘কুল-এইড দিবস’ উৎসব। নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত এই দিন কুল-এইডের জন্মস্থান হেস্টিংসের সঙ্গে পানীয়টির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করে।
একটি সাধারণ পাউডার পানীয় থেকে শুরু করে জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠা কুল-এইডের এই দীর্ঘ পথচলা সত্যিই রঙিন। তাই কুল-এইড দিবস শুধু একটি পানীয় উদ্যাপনের দিন নয়, এটি শৈশবের স্মৃতি, সৃজনশীলতা, বন্ধুত্ব আর আনন্দ ভাগ করে নেওয়ারও একটি উপলক্ষ।








