গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ

গরমে ভারী খাবার খেতে অনেকেরই ইচ্ছে করে না। অথচ মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছেটাও থাকে। এমন দিনে দুপুরের খাবার কিংবা বিকালের হালকা খিদে মেটাতে বানিয়ে নিতে পারেন চিকেন মেয়ো সালাদ। সেদ্ধ চিকেন, টাটকা শসা, মিষ্টি ভুট্টা ও পেঁয়াজের সঙ্গে ক্রিমি মেয়োনিজে তৈরি এই সালাদ স্বাদে যেমন জমজমাট, তেমনই বানানোও বেশ সহজ।

যা যা লাগবে

চিকেন মেয়ো সালাদ বানাতে লাগবে এক কাপ সেদ্ধ করে টুকরো করা চিকেন, আধ কাপ শসা কুচি, আধ কাপ সেদ্ধ সুইট কর্ন, আধ কাপ পেঁয়াজ কুচি এবং তিন টেবিল চামচ মেয়োনিজ। স্বাদ অনুযায়ী নুন, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং সামান্য চিনি রাখুন।

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে চিকেন, শসা কুচি, পেঁয়াজ কুচি ও সেদ্ধ সুইট কর্ন একসঙ্গে নিয়ে নিন। অন্য একটি ছোট বাটিতে মেয়োনিজের সঙ্গে গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, নুন ও সামান্য চিনি মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে একটি মসৃণ ও ক্রিমি ড্রেসিং তৈরি হলে সেটি চিকেন ও সবজির মিশ্রণের ওপর ঢেলে দিন।

এ বার চামচ দিয়ে সব উপকরণ আলতোভাবে মিশিয়ে নিন, যাতে মেয়োনিজের ড্রেসিং চিকেন ও সবজির প্রতিটি অংশে ভালোভাবে লেগে যায়। সালাদটি তৈরি হয়ে গেলে প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে সহজ, সুস্বাদু ও মুখরোচক চিকেন মেয়ো সালাদ।