কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বরাবরই তার স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বল ত্বকের জন্য প্রশংসিত। সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমায় গ্ল্যামারাস নাদিয়া চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। পর্দায় কিয়ারার নিখুঁত ও জেল্লাদার ত্বক দেখে অনেকেরই কৌতূহল—এর রহস্য কী?

২০১৯ সালে ইএলএলই ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন তার ত্বকের যত্নের কিছু সহজ অভ্যাস। তার মতে, সুন্দর ত্বকের জন্য শুধু বংশগত বৈশিষ্ট্য নয়, প্রতিদিনের জীবনযাপন, খাবার ও নিয়মিত স্কিনকেয়ারও সমান গুরুত্বপূর্ণ।

দিনের শুরুটা কীভাবে করেন, সে প্রসঙ্গে কিয়ারা বলেন, “আমি এক গ্লাস পানি পান করে আমার দিন শুরু করি। কারণ আমি বিশ্বাস করি, সুন্দর ত্বক শুধু জেনেটিক বা বংশগত বিষয় নয়, প্রতিদিনের খাবার এবং ত্বকের যত্নের অভ্যাসও এর সঙ্গে জড়িত।”

তার মতে, এরপর ত্বকের জন্য একটি ভালো স্কিনকেয়ার রুটিন অনুসরণ করা জরুরি। আর সেই রুটিনের মূল ভিত্তি হলো ত্বক পরিষ্কার করা ও ময়েশ্চারাইজ করা।

কিয়ারার স্কিনকেয়ার রুটিন খুব জটিল নয়। তিনি বলেন, “একটি সাধারণ কিন্তু কার্যকর স্কিনকেয়ার রুটিনের মধ্যে ত্বক পরিষ্কার করা এবং ময়েশ্চারাইজ করা অন্তর্ভুক্ত। আর আমি এই নিয়ম কঠোরভাবে মেনে চলি।”

মুখ পরিষ্কার করতে তিনি মৃদু জেল-ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করেন। এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার অথবা সিরাম ব্যবহার করেন।

বাইরে দীর্ঘ সময় কাটাতে হলে সানস্ক্রিন ব্যবহার করতেও ভোলেন না কিয়ারা। পাশাপাশি দিনের শেষে মেকআপ ভালোভাবে তুলে ফেলেন।

কিয়ারার মতে, দিনের স্কিনকেয়ারের পাশাপাশি রাতের রুটিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অনেকেই রাতের ত্বকের যত্নের বিষয়টি উপেক্ষা করেন। অথচ রাতে ত্বক নিজেকে পুনরুদ্ধার করে।

তাই রাতে তিনি নাইট ক্রিম ও সিরাম ব্যবহার করেন। তার মতে, নিয়মিত রাতের স্কিনকেয়ার রুটিন ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সৌন্দর্য সম্পর্কে কিয়ারার ধারণাটিও বেশ স্বাভাবিক। তিনি বলেন, “আমার কাছে সৌন্দর্য মানেই স্বাস্থ্যোজ্জ্বল ও উজ্জ্বল ত্বক। ক্যামেরার বাইরে থাকলেও আমি স্বাভাবিক লুক পছন্দ করি। তাই খুব কম মেকআপ ব্যবহার করি এবং ত্বকের যত্নের দিকেই বেশি মনোযোগ দিই।”

একজন অভিনেত্রী হিসেবে গত কয়েক বছরে তিনি যে বিষয়গুলো শিখেছেন, তার মধ্যে রয়েছে ভালো স্কিনকেয়ার রুটিন, সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত তরল পান করা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন। তাঁর মতে, এসব অভ্যাস একসঙ্গে মেনে চললেই নিজেকে ভেতর থেকে ভালো ও বাইরে থেকে সুন্দর লাগে।

শুধু প্রসাধনী নয়, প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া রূপচর্চাতেও কিয়ারার আস্থা রয়েছে। তিনি বলেন, “আমি প্রাকৃতিক ফেস ও হেয়ার প্যাক খুব পছন্দ করি। সাধারণত রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই নিজের জন্য কিছু একটা তৈরি করে নিই।”

এসব ঘরোয়া রেসিপি তিনি তাঁর দাদি ও মায়ের কাছ থেকেই শিখেছেন। অর্থাৎ, কিয়ারার রূপচর্চায় আধুনিক স্কিনকেয়ারের পাশাপাশি পারিবারিক ঐতিহ্যেরও ছোঁয়া রয়েছে।

বর্ষাকালে ত্বকের যত্নের ক্ষেত্রেও সানস্ক্রিনকে বিশেষ গুরুত্ব দেন কিয়ারা। তার মতে, আকাশ মেঘলা বা সূর্যের আলো কম থাকলেও সানস্ক্রিন বাদ দেওয়া উচিত নয়।

কিয়ারা বলেন, “অনেকেই মনে করেন, সূর্যের তীব্র আলো না থাকায় সানস্ক্রিন ব্যবহার না করলেও চলবে। কিন্তু এটি ভুল ধারণা।”

তাই বর্ষাতেও নন-অয়েলি ফর্মুলার ভালো সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার এবং নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার কথাও জানান।

কিয়ারার রূপচর্চার মূলমন্ত্র তাই খুব সহজ—পরিচ্ছন্নতা, ময়েশ্চারাইজেশন, সানস্ক্রিন, পর্যাপ্ত পানি, স্বাস্থ্যকর খাবার এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন।

সূত্র: এনডিটিভি