নলেন গুড়ের মিষ্টি স্বাদে চন্দন কাঠ পিঠা

দরজায় কড়া নাড়ছে শীতকাল। আর শীত মানেই পিঠাপুলির উৎসব। নলেন গুড়, নারকেল ও দুধের মিষ্টি ঘ্রাণে ঘর ভরে উঠলে শীতের আমেজ যেন আরও বেড়ে যায়। ঐতিহ্যবাহী পিঠার তালিকায় একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন চন্দন কাঠ পিঠা। অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই নরম ও সুস্বাদু মিষ্টি পিঠা। বাড়িতে অতিথি এলে কিংবা বিকালের চায়ের সঙ্গে মিষ্টিমুখের জন্যও এটি হতে পারে দারুণ একটি খাবার।

চন্দন কাঠ পিঠা তৈরিতে যা লাগবে

চন্দন কাঠ পিঠা তৈরি করতে লাগবে আধা লিটার দুধ, আধা কাপ চিনিগুড়া চাল, আধা কাপ কোরানো নারকেল এবং স্বাদ অনুযায়ী নলেন গুড়। সুগন্ধের জন্য লাগবে দুটি এলাচ ও একটি তেজপাতা। সবশেষে প্রয়োজন হবে এক চা চামচ ঘি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল ভালো করে ধুয়ে প্রায় দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে চাল হাত দিয়ে হালকা করে ভেঙে নিন। চাল একেবারে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু ভাঙা থাকলেই হবে।

এবার একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধ ঘন হয়ে এলে এর মধ্যে ভাঙা চাল দিয়ে অনবরত নাড়তে থাকুন। এতে চাল পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কমবে।

চাল ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কোরানো নারকেল, পরিমাণমতো নলেন গুড়, দুটি এলাচ ও একটি তেজপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে এবং দুধ প্রায় শুকিয়ে যায়।

মিশ্রণটি ঘন হয়ে এলে তেজপাতা সরিয়ে এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি সমতল থালায় সামান্য ঘি মাখিয়ে পিঠার মিশ্রণটি ঢেলে সমান করে ছড়িয়ে দিন। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

পিঠা ভালোভাবে জমে গেলে ছুরি দিয়ে চৌকো বা পছন্দমতো আকারে কেটে নিন। ওপর থেকে কোরানো নারকেল ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নলেন গুড়ের মিষ্টি স্বাদ, দুধের ঘনত্ব আর নারকেলের নরম স্বাদে চন্দন কাঠ পিঠা হতে পারে শীতের দিনের একেবারে ঘরোয়া অথচ অন্যরকম মিষ্টি আয়োজন।