বাড়ি যতই পরিচ্ছন্ন রাখা হোক, রান্নাঘরের আনাচ-কানাচে তেলাপোকা বা ছোটখাটো পোকামাকড়ের আনাগোনা একেবারে ঠেকানো কঠিন। বিশেষ করে রাতের দিকে আলো নিভলেই তাদের দেখা মেলে। এমন পরিস্থিতিতে রাসায়নিক স্প্রে ব্যবহার না করে ঘরোয়া উপায়ে সমস্যা সামলানোর একটি পদ্ধতি জানিয়েছেন অভিনেত্রী টুইঙ্কল খান্না।
মুম্বইয়ের জুহুতে অক্ষয় কুমারের সঙ্গে থাকেন টুইঙ্কল। তাঁর রান্নাঘরেও মাঝেমধ্যে তেলাপোকা ও পিঁপড়ের মতো পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। এই ধরনের সমস্যা মোকাবিলায় তিনি ঘরেই একটি স্প্রে তৈরি করেন।
পদ্ধতিটি বেশ সহজ। প্রথমে কয়েকটি লবঙ্গ হালকা করে থেঁতো করে নিতে হবে। এর সঙ্গে দুটি তেজপাতা দিয়ে পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়ে তার সঙ্গে সমপরিমাণ সাদা ভিনিগার মেশান। এরপর তরলটি একটি স্প্রে বোতলে ভরে রান্নাঘরের এমন জায়গায় ব্যবহার করা যেতে পারে, যেখানে পোকামাকড়ের আনাগোনা বেশি।
লবঙ্গ ও তেজপাতার তীব্র গন্ধ কিছু পোকামাকড়কে দূরে রাখতে সহায়ক হতে পারে। তবে এটিকে তেলাপোকা নিয়ন্ত্রণের নিশ্চিত বা স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক নয়। উপদ্রব বেশি হলে পেশাদার পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়াই কার্যকর হতে পারে। ঘরোয়া স্প্রে ব্যবহার করলেও কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার। খাবার, রান্নার সরঞ্জাম কিংবা বাসনের ওপর সরাসরি স্প্রে না করাই ভালো। শিশু ও পোষ্য প্রাণী থাকলে তাদের নাগালের বাইরে রাখতে হবে।
পোকামাকড়ের উপদ্রব কমাতে রান্নাঘরে যা করবেন রান্নার পর মেঝে ও কাউন্টার থেকে খাবারের কণা দ্রুত পরিষ্কার করুন। ময়লা ফেলার পাত্র নিয়মিত খালি করে পরিষ্কার রাখুন। সিঙ্কের আশপাশে পানি জমে থাকতে দেবেন না। রান্নাঘরের ফাঁকফোকর, ক্যাবিনেট ও যন্ত্রপাতির নিচের অংশ নিয়মিত পরিষ্কার করুন।
খাবার সবসময় ঢাকনা দেওয়া পাত্রে সংরক্ষণ করুন। তেলাপোকার উপদ্রব নিয়মিত হলে শুধু ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে পেশাদার সহায়তা নিন।









