ভ্রমণে ত্বকের যত্নের ‘ট্রাভেল কিটে’ থাকুক এই ৩ সামগ্রী

সামনে শারদীয় দুর্গোৎসব। এ সময় ছুটি পেয়ে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হবেন। শহরের প্যান্ডেল হোক কিংবা পূজার ছুটিতে পাহাড়-সমুদ্র ঘোরাঘুরি চলবেই। কিন্তু রোদ, ঘাম, ধুলোবালি আর দীর্ঘক্ষণ বাইরে থাকার ধকল সামলাতে গিয়ে ত্বকের উজ্জলতা যেন হারিয়ে না যায়, সেদিকেও নজর রাখা জরুরি।

তাই পূজার ঘোরাঘুরির ব্যাগ ভারী না করে মাত্র তিনটি প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখলেই ত্বকের প্রাথমিক যত্ন অনেকটাই সহজ হয়ে যায়। সম্ভব হলে আগে থেকেই এগুলির ছোট আকারের সংস্করণ কিনে ব্যাগে গুছিয়ে রাখুন।

১. সানস্ক্রিন

প্যান্ডেল হপিং, কেনাকাটা কিংবা সারাদিনের বেড়ানো যে কোনও ক্ষেত্রেই রোদের মুখোমুখি হতে হবে। তাই সাজের পাশাপাশি ত্বকের সুরক্ষার কথাও মাথায় রাখুন। ব্যাগে ছোট একটি সানস্ক্রিন রাখুন এবং বাইরে বেরোনোর আগে ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে পণ্যের নির্দেশনা অনুযায়ী পুনরায় ব্যবহার করাও জরুরি।

শুধু পূজারর দিন নয়, পূজার আগের কেনাকাটার সময়ও সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস রাখুন।

২. পানির বোতল

ত্বকের যত্নে শুধু বাইরে থেকে পরিচর্যাই নয়, পর্যাপ্ত পানি খাওয়াও গুরুত্বপূর্ণ। ঘোরাঘুরি করতে গিয়ে অনেক সময় পানি খাওয়ার কথা ভুলে যাওয়া হয়। তাই ছোট একটি পানির বোতল ব্যাগে রাখুন এবং নিয়মিত পান করুন।

বিশেষ করে রোদে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করলে শরীর যাতে পানিশূন্য না হয়ে যায়, সেদিকেও নজর রাখুন।

৩. ভেজা টিস্যু

রোদ, ঘাম ও ধুলোময়লা সবই ত্বকের ওপর জমতে পারে। তাই ব্যাগে ছোট একটি প্যাকেট ওয়েট টিস্যু রাখা যেতে পারে। প্রয়োজনমতো মুখ ও হাত পরিষ্কার করতে এটি কাজে লাগবে এবং বাইরে থাকার সময় নিজেকে সতেজ অনুভব করতেও সাহায্য করবে।

তবে মুখে ব্যবহারের জন্য উপযুক্ত, ত্বকবান্ধব ওয়েট টিস্যুই বেছে নিন।

শহর হোক বা বেড়ানোর গন্তব্য, যত্ন থাকুক ব্যাগে

শহরের বাইরে পাহাড়, সমুদ্র বা জঙ্গলে বেড়াতে গেলেও এই তিনটি জিনিস কাজে আসবে। গন্তব্য বদলালেও রোদ, ঘাম ও ধুলোময়লা থেকে ত্বকের প্রয়োজনীয় সুরক্ষার বিষয়টি বদলায় না।

তাই ঘোরাঘুরির প্রস্তুতিতে পোশাক, প্রসাধনী আর ক্যামেরার পাশাপাশি ছোট্ট একটি ‘স্কিন কেয়ার কিট’ রাখতেও ভুলবেন না। ত্বক ভালো থাকলে ঘোরাঘুরি আর ছবির আনন্দ দুটিই থাকবে অটুট।