মানসিক চাপ ও ক্লান্তি কাটিয়ে উঠতে ৫ অভ্যাস

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ কিংবা প্রতিদিনের নানা ঝামেলার কারণে অনেক সময় মনও ক্লান্ত হয়ে পড়ে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে, বিরক্তি বাড়তে পারে এবং স্বাভাবিক আনন্দও ম্লান হয়ে যেতে পারে। তবে জীবনযাত্রায় কয়েকটি ছোট পরিবর্তন এনে মানসিকভাবে নিজেকে কিছুটা স্বস্তি দেওয়া সম্ভব।

১. প্রয়োজন হলে বিরতি নিন

একটানা কাজ কিংবা সমস্যার মধ্যে ডুবে থাকলে পরিস্থিতি আরও কঠিন মনে হতে পারে। তাই মন ভার লাগলে কিছুক্ষণের জন্য কাজ থেকে সরে দাঁড়ানো যেতে পারে। নিরিবিলি বসে নিজের অগ্রাধিকার ঠিক করুন এবং কোন কাজটি এখনই করা দরকার, আর কোনটি পরে করলেও চলবে তা নির্ধারণ করুন।

২. প্রতিদিন নিজের জন্য সময় রাখুন

ব্যস্ততার কারণে নিজের পছন্দের কাজগুলোকে বাদ দিলে মানসিক চাপ আরও বাড়তে পারে। প্রতিদিন অল্প সময় হলেও নিজের জন্য রাখুন। বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি, বাগান করা কিংবা পুরোনো কোনও শখের চর্চা যে কাজ আপনাকে স্বস্তি দেয়, সেটিই বেছে নিতে পারেন।

৩. নেতিবাচক পরিবেশ থেকে দূরত্ব তৈরি করুন

সব সম্পর্ক বা সব পরিবেশ মানসিকভাবে স্বস্তিদায়ক হয় না। কারও আচরণ বা কথাবার্তা যদি নিয়মিতভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে অপ্রয়োজনীয় যোগাযোগ কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে। তবে তা যেন সম্মান ও সৌজন্য বজায় রেখেই হয়।

৪. প্রতিটি বিরোধে জড়ানোর প্রয়োজন নেই

কেউ কিছু বললেই তার জবাব দিতে হবে এমন নয়। অপ্রয়োজনীয় তর্ক বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলা অনেক সময় মানসিক শান্তি ধরে রাখতে সাহায্য করে। প্রয়োজন হলে আলোচনার বদলে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য কিছুটা সময় নেওয়া যেতে পারে।

৫. ছোট ছোট আনন্দের মুহূর্ত খুঁজে নিন

মন ভালো করার জন্য সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। পছন্দের খাবার রান্না করা, প্রিয় সিনেমা দেখা, কাছের বন্ধুর সঙ্গে সময় কাটানো, বাইরে একটু হাঁটতে যাওয়া কিংবা নিজের পছন্দের কোনো কাজে সময় দেওয়া ছোট আনন্দও দৈনন্দিন একঘেয়েমি কাটাতে সহায়ক হতে পারে।

মানসিক ক্লান্তি যদি দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন জীবন, ঘুম বা কাজকর্মে উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজন অনুযায়ী একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।