শখের কাচের বাসন দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক সময় তার স্বচ্ছতা ও উজ্জ্বলতা কমে যায়। গায়ে জমতে পারে হলদেটে ছোপ, তেলের আস্তরণ কিংবা পানির দাগ। একটু যত্ন নিলেই অবশ্য পুরোনো কাচের বাসন আবারও ঝকঝকে করে তোলা সম্ভব।
কাচের বাসন পরিষ্কার করার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে, খুব জোরে ঘষাঘষি করা যাবে না। শক্ত স্ক্রাবার ব্যবহার করলে কাচের গায়ে আঁচড় পড়তে পারে। বরং গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে বাসনটি প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর তরল সাবান দিয়ে আলতো হাতে ধুয়ে নিন।
রোজকার ব্যবহারের কাচের বাসন পরিষ্কার করতে পানিতে অল্প ভিনিগার মিশিয়েও ব্যবহার করা যায়। এতে পানির দাগ ও অন্যান্য হালকা ছোপ দূর হতে পারে।
হলদেটে দাগ একটু বেশি হলে বেকিং সোডা ও লেবুর রস দিয়ে ঘন মিশ্রণ তৈরি করা যেতে পারে। দাগের জায়গায় সেটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে নরম স্পঞ্জ দিয়ে আলতো করে পরিষ্কার করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
তেলতেলে ভাব দূর করতে হালকা গরম পানিতে তরল সাবানের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করা যায়। নরম স্পঞ্জ দিয়ে কাচের বাসন পরিষ্কার করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
এ ছাড়া অর্ধেক লেবুর ওপর সামান্য নুন ছড়িয়ে কাচের দাগযুক্ত অংশে আলতো করে ঘষে নেওয়া যায়। তবে খুব জোরে ঘষা ঠিক নয়, বিশেষ করে নকশা করা বা পাতলা কাচের বাসনের ক্ষেত্রে।
কাচের বাসন ধোয়ার সময় হাত থেকে পিছলে ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই সিঙ্কে সরাসরি না রেখে নিচে একটি নরম তোয়ালে বিছিয়ে নিতে পারেন। ধোয়ার পর বাসনগুলোও নরম কাপড়ের ওপর রাখলে দুর্ঘটনার আশঙ্কা কমে।
নিয়মিত পরিষ্কার ও সঠিকভাবে সংরক্ষণ করলে শখের কাচের বাসন অনেক দিন তার স্বচ্ছতা ও সৌন্দর্য ধরে রাখতে পারে।