ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!

জীবনযাপন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

দামি প্রসাধনী, নানা ধরনের সিরাম কিংবা নিয়মিত সৌন্দর্যচিকিৎসা ত্বকের যত্ন বলতে অনেকের চোখে এমন ছবিই ভেসে ওঠে। তবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের রূপচর্চার পদ্ধতিটা বেশ আলাদা। তাঁর সৌন্দর্যচর্চায় জায়গা করে নিয়েছে ভাত, টক দই, মধু, কফি, শাকপাতা থেকে শুরু করে রান্নাঘরের আরও কিছু পরিচিত উপকরণ।

মধ্যচল্লিশেও ত্বকের জেল্লা ধরে রাখার পেছনে নিজের জীবনযাপন ও নিয়মিত যত্নকেই গুরুত্ব দেন অভিনেত্রী। তাঁর রূপচর্চার ধরনও খুব একটা জটিল নয়। বরং খাবারদাবারে সংযম, পর্যাপ্ত পানি পান, শরীরচর্চা আর কিছু ঘরোয়া পদ্ধতিই তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ।

দিনের শুরু শরীরচর্চায়

রূপাঞ্জনার সকাল শুরু হয় ধ্যান, প্রাণায়াম ও যোগাসনের মাধ্যমে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস চালিয়ে আসছেন তিনি। তাঁর বিশ্বাস, শরীর ও মন ভালো রাখার সঙ্গে ত্বকের সুস্থতারও যোগ রয়েছে। তাই শুধু মুখের যত্ন নয়, ভেতর থেকে ভালো থাকার ওপরও গুরুত্ব দেন অভিনেত্রী।

সকালের খাবারে পান্তাভাত

রূপাঞ্জনার খাদ্যতালিকাতেও রয়েছে বাঙালিয়ানার ছাপ। বিশেষ করে গরমের সময়ে পান্তাভাত দিয়ে দিন শুরু করতে পছন্দ করেন তিনি। মজানো ভাতের পাশাপাশি মৌসুমি ফলও জায়গা পায় তাঁর খাবারে।

ত্বক ভালো রাখতে শুধু বিশেষ কোনও খাবারের ওপর নির্ভর না করে পরিমিত ও পরিচিত খাবার খাওয়াকেই গুরুত্ব দেন তিনি। ভাত, ডাল, আলুসেদ্ধ ও তরকারির মতো সাধারণ খাবারই তাঁর পছন্দের তালিকায় থাকে।

ভাত বাদ দিয়ে নয়, পরিমিত খাবারেই আস্থা

শরীরের ওজন কমানোর জন্য কঠোর খাদ্যনিয়ম মেনে চলার পক্ষপাতী নন রূপাঞ্জনা। তাঁর অভিজ্ঞতায়, অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও কখনও কখনও কমে যেতে পারে। তাই নিজের শরীরের সঙ্গে মানানসই ওজন ধরে রাখার চেষ্টা করেন তিনি।

ভাত তাঁর খাবারের নিয়মিত অংশ। তবে ভাজাভুজি ও বাইরের খাবার খুব বেশি খান না। পছন্দের খাবার থাকলেও সেগুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত না করে মাঝে মধ্যে উপভোগ করেন।

ত্বকের জেল্লায় পানির গুরুত্ব

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে শরীরে পানির ঘাটতি হতে দেন না অভিনেত্রী। নিয়ম মেনে পানি পান করার পাশাপাশি টক দইও খান। শরীর আর্দ্র রাখার এই অভ্যাসকে ত্বকের সতেজতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

প্রসাধনীর চেয়ে রান্নাঘরেই বেশি ভরসা

রূপাঞ্জনার ত্বক মিশ্র ধরনের হওয়ায় অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। দামি প্রসাধনীর বদলে মাঝেমধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের যত্ন নেন তিনি।

চোখের নিচের কালচে ভাবের জন্য আলুর খোসা এবং মুখের দাগছোপের যত্নে ধনেপাতা ব্যবহারের কথা জানিয়েছেন অভিনেত্রী। আবার টক দই, মধু ও কফি মিশিয়ে তৈরি করা মিশ্রণও সপ্তাহে এক দিন মুখে ব্যবহার করেন। গরমের সময়ে মুখে ঠান্ডা অনুভূতি দিতে বরফ ব্যবহারের অভ্যাসও রয়েছে তাঁর।

তবে এসব ঘরোয়া উপাদান সবার ত্বকে একইভাবে কাজ নাও করতে পারে। সংবেদনশীল ত্বকে নতুন কিছু ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া নিরাপদ।

কখনও দুধ মিশিয়েও স্নান

রূপাঞ্জনার রূপচর্চার তালিকায় রয়েছে আরও একটি পুরোনো ঘরোয়া পদ্ধতি। কখনও কখনও গোসলের পানিতে অল্প দুধ মিশিয়ে স্নান করেন তিনি। তাঁর মতে, এতে ত্বক কোমল রাখার পাশাপাশি শরীরেও সতেজ অনুভূতি আসে।

বয়স বাড়লেও যত্নে যেন কমতি না থাকে

রূপাঞ্জনার মতে, সংসার ও কাজের ব্যস্ততায় অনেক নারী নিজের যত্ন নেওয়ার সময় পান না। বিশেষ করে চল্লিশের পর শরীর ও ত্বকের প্রতি আরও সচেতন হওয়া দরকার। তাঁর কাছে সৌন্দর্যচর্চা মানে শুধু মুখে প্রসাধনী মাখা নয়; বরং পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার, শরীরচর্চা এবং মানসিকভাবে ভালো থাকাও এর অংশ।

তাই রূপাঞ্জনার সৌন্দর্যচর্চার মূল কথাটা বেশ সহজ নিজের শরীরকে না বুঝে কোনো কিছুর পেছনে ছোটা নয়, বরং পরিচিত খাবার, পরিমিত জীবনযাপন আর নিয়মিত যত্নের মধ্যেই ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার চেষ্টা।

/এমএএল/
সম্পর্কিত
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
সর্বশেষ খবর
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
সাংবাদিক তুহিনুল হক আর নেই
সাংবাদিক তুহিনুল হক আর নেই
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম