ঝকঝকে ও সতেজ ত্বকের জন্য সবসময় দামি প্রসাধনী বা পার্লারের দীর্ঘ সময়ের পরিচর্যার প্রয়োজন হয় না। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েও ত্বকের যত্নে তৈরি করা যায় সহজ ফেসপ্যাক। অভিনেত্রী অনন্যা পাণ্ডের ত্বকের পরিচর্যার একটি ঘরোয়া পদ্ধতিতেও রয়েছে এমনই তিন উপকরণের ব্যবহার।
হলুদ, দই ও মধু এই তিন উপকরণ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় ফেসপ্যাক। তবে ত্বকের ধরন ও সংবেদনশীলতা অনুযায়ী ব্যবহারে সতর্ক থাকা জরুরি।
কীভাবে তৈরি করবেন
একটি পরিষ্কার পাত্রে সামান্য হলুদ, দই ও মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করে পাতলা করে প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর স্বাভাবিক বা হালকা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারের আগে হাতের ছোট অংশে লাগিয়ে ত্বকের প্রতিক্রিয়া দেখে নেওয়া ভালো।
উপকার মিলতে পারে যেভাবে
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করতে সহায়তা করতে পারে। ফলে ত্বক কিছুটা মসৃণ ও সতেজ দেখাতে পারে। দইয়ের আর্দ্রতাও ত্বককে কোমল রাখতে সাহায্য করে।
হলুদে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান ত্বকের প্রদাহ ও জ্বালাভাব কমাতে সহায়ক হতে পারে। অন্যদিকে মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক নরম ও মসৃণ অনুভূত হতে পারে।
তবে এই ফেসপ্যাক সবার ত্বকে একইভাবে কাজ করবে এমন নয়। সংবেদনশীল ত্বক, একজিমা, রোসেশিয়া বা ত্বকের অন্য কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। সপ্তাহে এক থেকে দু’বারের বেশি ব্যবহার না করাই নিরাপদ। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে ধুয়ে ব্যবহার বন্ধ করুন।