আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ

দুর্গম পথ ও বুনো প্রকৃতিতে রোমাঞ্চকর অভিযানের প্রতি ভালোবাসা থেকেই পালিত হয় আন্তর্জাতিক অফ-রোড দিবস। মরুভূমির বালিয়াড়ি, কাদাময় পথ কিংবা জঙ্গলের আঁকাবাঁকা ট্রেইলে গাড়ি, বাইক, এটিভি বা ৪x৪ যান নিয়ে অভিযানে বের হন অফ-রোডপ্রেমীরা। পাকা রাস্তার বাইরে গিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার আনন্দই এ দিনের মূল আকর্ষণ।

তবে দিনটি শুধু রোমাঞ্চ উপভোগের নয়। পরিবেশের প্রতি দায়িত্বশীলতা, নিরাপদে চলাচল এবং সহযাত্রীদের প্রতি সম্মান দেখানোর বার্তাও দেওয়া হয় এদিন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের অফ-রোডপ্রেমীদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ।

ইতিহাস

আন্তর্জাতিক অফ-রোড দিবসের যাত্রা শুরু হয় ২০২১ সালে। বোম্বার্ডিয়ার রিক্রিয়েশনাল প্রোডাক্টসের (বিআরপি) ব্র্যান্ড ক্যান-অ্যাম অফ-রোড’ দিবসটি চালু করে। উদ্দেশ্য ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের অফ-রোডপ্রেমীদের একই সম্প্রদায়ের অংশ হিসাবে একত্রিত করা।

প্রথম বছরেই বিভিন্ন দেশের মানুষ দুর্গম পথে অভিযানে বেরিয়ে ছবি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। পরে বিভিন্ন ক্লাব ও অফ-রোড কমিউনিটিও এতে যুক্ত হয়। ধীরে ধীরে এটি একটি বৈশ্বিক আয়োজনে পরিণত হয়। নিরাপদে অফ-রোডিং এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টিও এই উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

যেভাবে উদযাপন করবেন

আন্তর্জাতিক অফ-রোড দিবসে নিজের দক্ষতার সঙ্গে মানানসই কোনও দুর্গম পথে গাড়ি বা বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারেন। যাত্রার আগে যানবাহন পরীক্ষা করে নিন এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। একা না গিয়ে বন্ধু বা পরিচিতদের সঙ্গে গেলে নিরাপত্তা ও আনন্দ দুটিই বাড়ে।

চাইলে স্থানীয় কোনও অফ-রোড গ্রুপের আয়োজনে অংশ নিতে পারেন। নতুনদের জন্য সহজ রুট থাকলে সেখান থেকেও শুরু করা যায়।

এদিন নতুন কোনও রুট বা অফ-রোডিং কৌশল চেষ্টা করতে পারেন, তবে নিজের দক্ষতার সীমা অতিক্রম না করাই ভালো। অভিযানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদেরও উৎসাহিত করতে পারেন।