সাধারণ পোলাওয়ে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে সয়াবিন দিয়ে তৈরি করতে পারেন পোলাও। সুগন্ধি চাল, মশলা, সবজি, কাজু-কিসমিস আর নরম সয়াবিনে তৈরি এই পোলাও যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। ঘরোয়া আয়োজন থেকে অতিথি আপ্যায়ন দুই ক্ষেত্রেই মানিয়ে যাবে সহজ এই রেসিপি।
উপকরণ
বাসমতি বা গোবিন্দভোগ চাল ২ কাপ, সয়াবিন ১ কাপ, বড় টমেটো ১টি, ক্যাপসিকাম ১টি, মাঝারি আলু ১টি, বড় পেঁয়াজ ১টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ৩–৪টি, কাজু ও কিসমিস আধা কাপ, ঘি ৩–৪ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, এলাচ ৩টি, লবঙ্গ ৪টি, দারচিনি ২ টুকরো, তেজপাতা ২টি, জিরে ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরে-ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, গরম পানি ৪ কাপ, লবণ ও সামান্য চিনি।
প্রণালী
প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফুটন্ত পানিতে সামান্য লবণ ও এক চামচ ঘি দিয়ে চাল ৯০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখুন। সয়াবিন গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে পানি চিপে নিয়ে সামান্য তেল, লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একইভাবে আলুর টুকরোগুলোও ভেজে নিন।
এবার হাঁড়িতে তেল ও ঘি গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও জিরে ফোড়ন দিন। পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ দিন। কাঁচা গন্ধ চলে গেলে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে হলুদ, মরিচ গুড়া, জিরে-ধনে গুঁড়া ও লবণ দিন। মশলা থেকে তেল ছাড়লে ক্যাপসিকাম দিয়ে অল্পক্ষণ নেড়ে নিন।
এরপর ভাজা সয়াবিন ও আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে সেদ্ধ করা চাল ধীরে ধীরে দিয়ে আলতো হাতে মিশিয়ে কাজু, কিসমিস, সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখ ঢেকে কম আঁচে ১০–১২ মিনিট দমে রাখুন। চুলা বন্ধ করে আরও ১০ মিনিট ঢেকে রাখার পর গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও মুখরোচক সয়াবিন পোলাও।