রেস্তরাঁর স্বাদ বাড়িতেই! বানান মিক্সড ভেজিটেবল হ্যান্ডি

বাড়ির সাধারণ সবজি দিয়েই তৈরি করা যায় সুস্বাদু মিক্সড ভেজিটেবল হ্যান্ডি। কাজুবাদাম, টক দই আর সুগন্ধি মশলা দিয়ে তৈরি এই পদ ঘন, মাখো-মাখো ও স্বাদে ভরপুর। রুটি, নান, পরোটা কিংবা ভাতের সঙ্গে জমে যাবে এই সবজি। দুপুরের খাবার হোক বা রাতের ডিনার, সহজ এই রেসিপিতে আনুন রেস্তরাঁর স্বাদ।

যে যে উপকরণ লাগবে: মিক্সড ভেজিটেবল হ্যান্ডি বানাতে লাগবে ১টি আলু, ১টি গাজর, ১ কাপ ফুলকপি, আধ কাপ বিনস, আধ কাপ মটরশুঁটি, ১টি ক্যাপসিকাম, আধ কাপ পনির, ১টি পেঁয়াজ, ২টি টমেটো, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ তেল, আধ চা চামচ জিরা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, আধ চা চামচ জিরা গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা গুঁড়ো, ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ কসুরি মেথি, স্বাদমতো লবণ এবং ২ টেবিল চামচ ধনেপাতা কুচি।

প্রণালী: প্রথমে আলু, গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি ও ক্যাপসিকাম হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ ভেজে নিন। টমেটো নরম হলে হলুদ, লবন, ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কাজুবাদাম বাটা এবং ফেটানো টক দই মেশান। মশলা থেকে তেল ছাড়লে ভাজা সবজি ও পনির দিয়ে প্রয়োজনমতো পানি ও লবণ মিশিয়ে ঢেকে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে গরম মশলা ও কসুরি মেথি ছড়িয়ে আরও দু’মিনিট রান্না করুন। শেষে ধনেপাতা কুচি দিয়ে গরমাগরম পরিবেশন করুন।

রেসিপি টিপস: সবজি আগে হালকা ভেজে নিলে স্বাদ ভালো হয়। টক দই মেশানোর সময় আঁচ কম রাখুন, আর সবজি বেশি সেদ্ধ করবেন না। এতে হ্যান্ডির স্বাদ ও গঠন দুটোই ভালো থাকবে।