বাদামি মশলায় মুরগির কোফতা কোরমা দিয়ে জমিয়ে দিন দুপুরের পাত

চিকেনের একঘেয়ে ঝোল বা কষা নয়, এবার পাতে থাকুক মোলায়েম কোফতা আর ঘন, সুগন্ধি কোরমা। পোলাও, বিরিয়ানি কিংবা পরোটার সঙ্গে এই পদ হলে জমে যাবে ভোজ। বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন চিকেন কোফতা কোরমা।

উপকরণ

কোফতা তৈরির জন্য লাগবে ৫০০ গ্রাম চিকেনের কিমা, ১টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১টি কাঁচামরিচ কুচি, ২ টেবিল চামচ বেসন, আধ চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি, লবণ ও পরিমাণমতো তেল।

কোরমার জন্য প্রয়োজন ২টি বড় পেঁয়াজ, আধ কাপ টক দই, ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২টি এলাচ, ১ টুকরো দারচিনি, ৩টি লবঙ্গ, ১টি তেজপাতা, আধ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা, ২ টেবিল চামচ ক্রিম, ১ চা চামচ কেওড়া জল, লবণ, চিনি ও পরিমাণমতো ঘি বা তেল।

প্রণালী

প্রথমে চিকেনের কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচামরিচ, বেসন, গরম মশলা, ধনেপাতা ও লবণ মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি ১৫-২০ মিনিট রেখে দিন। এবার হাতে সামান্য তেল মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলি মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলে রাখুন। বেশি কড়া করে ভাজবেন না, তাতে কোফতা শক্ত হয়ে যেতে পারে।

এবার কোরমা তৈরির পালা। পেঁয়াজ পাতলা করে কেটে অল্প তেলে সোনালি করে ভেজে তুলে ঠান্ডা করুন। তার পর মিক্সিতে বেটে পেস্ট তৈরি করে নিন। কড়াইয়ে ঘি বা তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এ বার পেঁয়াজের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আঁচ কমিয়ে কড়াইয়ে মেশান। একসঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো ও লবণ দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনমতো সামান্য গরম পানি দিয়ে গ্রেভির ঘনত্ব ঠিক করুন। স্বাদ অনুযায়ী অল্প চিনি মেশাতে পারেন।

গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিকেন কোফতাগুলি দিয়ে ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। কোফতা সেদ্ধ হয়ে গ্রেভির স্বাদ ভেতরে ঢুকে গেলে ওপর থেকে ক্রিম, গরম মশলা ও কেওড়া জল ছড়িয়ে দিন। আরও দু-এক মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন।

শেষে সামান্য ঘি ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন চিকেন কোফতা কোরমা। গরম পোলাও, বিরিয়ানি, নান কিংবা পরোটার সঙ্গে এই পদ বেশ জমবে।