‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ সিরিজের পর্দার আড়ালের অজানা কাহিনি

জীবনযাপন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫

বিপজ্জনক জঙ্গল, দুর্গম পাহাড়, উত্তাল সমুদ্র কিংবা জনমানবহীন মরুভূমি। প্রতিকূল পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হয়, তা দেখিয়ে একসময় সারা বিশ্বের দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। অভিযাত্রী বেয়ার গ্রিলসের সাপ, বিচ্ছু, পোকামাকড় খাওয়া থেকে শুরু করে ভয়ংকর সব বিপদ মোকাবিলার দৃশ্য মুগ্ধ করেছিল ছোট-বড় সবাইকে। তবে পর্দায় যতটা রোমাঞ্চকর মনে হত এই অনুষ্ঠান, পর্দার আড়ালের গল্প ছিল কিছুটা আলাদা। জনপ্রিয় এই অনুষ্ঠান ঘিরে রয়েছে এমন অনেক তথ্য, যা অনেকেরই অজানা।

ম্যান ভার্সেস ওয়াইল্ড’ সিরিজ (ছবি: সংগৃহীত)

বেয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। ১৯৭৪ সালের ৭ জুন আয়ারল্যান্ডে জন্ম। বাবা ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল তাঁর। অল্প বয়সেই শুরু করেন আকাশ থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেওয়ার প্রশিক্ষণ। পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ অভিযাত্রী বাহিনীর সদস্য হিসেবেও কাজ করেন তিনি। জাম্বিয়ায় প্রশিক্ষণের সময় প্যারাসুট দুর্ঘটনায় গুরুতর আহত হন বেয়ার। মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসকেরা জানিয়েছিলেন, স্বাভাবিক জীবনে ফেরা তাঁর পক্ষে কঠিন। কিন্তু হার মানেননি তিনি। মাত্র দেড় বছরের মধ্যে আবার অভিযানের প্রস্তুতি শুরু করেন। ১৯৯৮ সালের ১৬ মে এভারেস্টের শিখরে পৌঁছে সবাইকে অবাক করে দেন।

ম্যান ভার্সেস ওয়াইল্ড’ সিরিজের বেয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস (ছবি: সংগৃহীত)

বেয়ার গ্রিলসকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। ২০০৬ সালের ৬ মার্চ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়। শুরুতে এর নাম ছিল ‘দ্য রকিজ’। পরে দীর্ঘ বিরতির পর দ্বিতীয় পর্ব প্রচারিত হয়। ২০১১ সালের নভেম্বর পর্যন্ত মোট ৭৩টি পর্ব তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠানটি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ নামে পরিচিত হলেও যুক্তরাজ্যে এর নাম ছিল ‘বর্ন সারভাইভার’। আবার কয়েকটি দেশে এটি ‘আলটিমেট সারভাইভাল’ নামেও প্রচারিত হয়েছে।

পর্দায় বেয়ারকে একা দেখা গেলেও বাস্তবে তাঁর সঙ্গে থাকত একটি গোটা দল (ছবি: সংগৃহীত)

অনুষ্ঠানে দেখা যেত, অচেনা কোনও বিপজ্জনক জায়গায় একা ফেলে দেওয়া হয়েছে বেয়ারকে। সেখান থেকে নিজের বুদ্ধি ও কৌশলে বেরিয়ে আসছেন তিনি। কিন্তু বাস্তবে প্রতিটি অভিযান এতটা আকস্মিক ছিল না। একটি পর্ব তৈরি করতে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগত। তার মধ্যে সবচেয়ে বেশি সময় ব্যয় হতো উপযুক্ত জায়গা খুঁজে বের করতে। জায়গা নির্বাচনের পর শুরু হতো প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হতো। অর্থাৎ পর্দায় বেয়ারকে একা দেখা গেলেও বাস্তবে তাঁর সঙ্গে থাকত একটি গোটা দল।

অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি ছিল বেয়ারের বিচিত্র খাবার খাওয়ার অভ্যাস। কখনও পোকামাকড়, কখনও বিচ্ছু, আবার কখনও সাপ কিংবা পচা মাংস খেতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি নিজের মূত্র পান করার দৃশ্যও দেখেছেন দর্শক। তবে এত সব অদ্ভুত খাবারের মধ্যে বেয়ারের কাছে সবচেয়ে খারাপ লেগেছিল ছাগলের অণ্ডকোষ খেতে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেটি খেয়ে তাঁর বমি পর্যন্ত হয়েছিল। অথচ পৃথিবীর কিছু যাযাবর জনগোষ্ঠীর কাছে এটি পরিচিত খাবার।

পর্দায় বেয়ারকে বারবার মৃত্যুভয় উপেক্ষা করে বিপজ্জনক জায়গায় অভিযান চালাতে দেখা গেলেও তাঁরও রয়েছে ভয়। আর সেই ভয়ের নাম উচ্চতা। আশ্চর্যের বিষয়, যে মানুষকে পাহাড়ের খাড়া ঢাল কিংবা গভীর খাদে ঝুলতে দেখা যায়, তিনিই উচ্চতাকে সবচেয়ে বেশি ভয় পান।

তবে অনুষ্ঠানের বাস্তবতা নিয়ে একসময় তৈরি হয়েছিল বিতর্ক। দর্শকদের ধারণা ছিল, বেয়ার সম্পূর্ণ একা দুর্গম এলাকায় অভিযান চালান। কিন্তু পর্দার আড়ালে থাকত প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও নির্মাতাদের একটি দল। এমনকি কিছু অভিযানের স্থানও জনবসতি থেকে খুব বেশি দূরে ছিল না। কয়েকটি পর্বে তাঁকে হোটেলে রাত কাটাতেও দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। একটি পর্বে ভালুকের সঙ্গে লড়াইয়ের দৃশ্য তৈরিতে ব্যবহার করা হয়েছিল ভালুকের পোশাক। আবার আগ্নেয়গিরির ধোঁয়া দেখানোর জন্য একটি পর্বে কৃত্রিম ধোঁয়ার সাহায্য নেওয়া হয়েছিল।

এসব তথ্য প্রকাশ্যে আসার পর দর্শকদের একাংশ ক্ষুব্ধ হন। বিতর্ক সামাল দিতে অনুষ্ঠানটির শুরুতে সতর্কীকরণ বার্তা যুক্ত করে নির্মাতারা। সেখানে জানানো হয়, বেয়ার গ্রিলসের অভিযানে বিশেষজ্ঞদের একটি দল সাহায্য করে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে পর্দার আড়ালের বেশ কিছু দৃশ্যও প্রকাশ করা হয়েছিল।

বেয়ারকে ঘিরে আরও একটি মজার ভুল ধারণা ছড়িয়েছিল। একসময় খবর প্রকাশিত হয়, তিনি নাকি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী। কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ ভুল। দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদনে তিনি ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতার কথা জানিয়েছিলেন। সেখান থেকেই ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।

অভিযানের বাইরে অবসর কাটানোর জন্যও অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন বেয়ার। ২০০১ সালে প্রায় ৯৫ হাজার ইউরো দিয়ে ওয়েলসের উপকূলের কাছে একটি ছোট দ্বীপের ২০ একর জমি কিনেছিলেন তিনি। চারপাশে জলরাশি ঘেরা সেই দ্বীপে নেই বিদ্যুতের ব্যবস্থা। রয়েছে একটি বাতিঘর ও থাকার বাড়ি। স্ত্রী-সন্তানদের নিয়ে মাঝেমধ্যে সেখানে সময় কাটাতে যান তিনি। যাতায়াতের জন্য ব্যবহার করেন দ্রুতগতির জলযান।

২০১২ সালে জনপ্রিয় এই অনুষ্ঠান নিয়ে বেয়ার গ্রিলসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। তবে সেখানেই থেমে থাকেনি তাঁর টেলিভিশন-যাত্রা। পরবর্তী সময়ে একাধিক নতুন অভিযানের অনুষ্ঠান উপহার দিয়েছেন তিনি। ২০১৯ সালে একটি জনপ্রিয় অনলাইন সম্প্রচারমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে শুরু করেন ‘ইউ ভার্সেস ওয়াইল্ড’। সেখানে দর্শকেরাই বিভিন্ন পরিস্থিতিতে বেয়ারের পরবর্তী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ফলে জঙ্গল ও বিপদের সঙ্গে বেয়ারের লড়াই দেখার অভিজ্ঞতা আরও অন্য রকম হয়ে ওঠে।

 

/এমএএল/
সম্পর্কিত
সমুদ্র-পাহাড়ের বাইরে নতুন গন্তব্যের খোঁজ, ভ্রমণে বদলাচ্ছে তরুণদের পছন্দ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?
এয়ার ফ্রায়ারে রান্না করলেই কি খাবার স্বাস্থ্যকর?
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন