সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কখনও না কখনও দেখা যায়, অচেনা মানুষের কটূক্তি ও বিদ্রুপের শিকার হচ্ছেন কেউ। অনলাইনে এমন নেতিবাচক আচরণের বদলে সৌজন্য, সহমর্মিতা ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়েই পালিত হয় ‘সোশ্যাল মিডিয়ায় সদয় আচরণ দিবস’। প্রতি বছর ৯ নভেম্বর দিনটি পালন করা হয়। এ দিন অনেকেই সমাজমাধ্যমে উৎসাহব্যঞ্জক বার্তা দেন, প্রশংসা করেন এবং অনলাইন হেনস্থার শিকার মানুষের পাশে দাঁড়ান।
একটি আন্তরিক মন্তব্য, সহানুভূতিশীল উত্তর কিংবা ব্যক্তিগত বার্তাও কারও মন ভালো করে দিতে পারে। এই দিনটির মূল উদ্দেশ্য বড় কোনও আয়োজন নয়, বরং ছোট ছোট সদয় আচরণের মাধ্যমে অনলাইন জগৎকে আরও নিরাপদ ও মানবিক করে তোলা। কারণ, সমাজমাধ্যমে আমাদের প্রতিটি মন্তব্য ও আচরণ অন্যের মনে প্রভাব ফেলে।
কীভাবে শুরু হলো এই দিবস?
২০২০ সালে ব্রিটিশ টেলিভিশন সঞ্চালক ক্যারোলিন ফ্ল্যাকের স্মৃতিতে এই দিবসের সূচনা হয়। ওই বছরের শুরুতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তীব্র জনসমালোচনা ও অনলাইন হেনস্থার মুখোমুখি হয়েছিলেন। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে বন্ধু ও সমর্থকেরা সমাজমাধ্যমে বিদ্বেষের বদলে সদয় আচরণ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। ক্যারোলিনের জন্মদিন ৯ নভেম্বরকে এই দিবস পালনের দিন হিসেবে বেছে নেওয়া হয়।
প্রথম দিকে ব্রিটেনকে কেন্দ্র করে শুরু হলেও ধীরে ধীরে এই উদ্যোগের বার্তা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে হ্যাশট্যাগ, ভিডিও বার্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে বহু মানুষ এতে অংশ নেন। স্কুল, বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগে যোগ দেয়।
দিনটির মূল শিক্ষা একটাই—অনলাইনে কিছু লেখার আগে ভাবুন। সমাজমাধ্যমকে কাউকে ছোট করা বা আঘাত করার জায়গা না বানিয়ে, বরং একে অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যম করে তুলুন।
কীভাবে পালন করবেন দিনটি?
বন্ধু বা পরিচিতদের কোনও ভালো কাজ, সাফল্য কিংবা সৃজনশীল পোস্ট চোখে পড়লে আন্তরিক মন্তব্য করুন। কারও কাজের প্রশংসা করুন, উৎসাহ দিন। চাইলে একটি ছোট্ট ‘কাইন্ডনেস চ্যালেঞ্জ’ শুরু করতে পারেন। পরিচিতদের নিজের পছন্দের মানুষের একটি ভালো গুণ লিখে পোস্ট করতে বলুন। এতে সমাজমাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।
নিজের আশপাশে বা অনলাইনে ঘটে যাওয়া কোনও ভালো কাজের গল্পও ভাগ করে নিতে পারেন। কোনও ব্যক্তি বা সংগঠন মানুষের পাশে দাঁড়ালে তাদের উদ্যোগের কথা তুলে ধরুন। পাশাপাশি, রাগের মাথায় কোনও মন্তব্য করার আগে একটু থামুন। ভেবে দেখুন, আপনার কথাটি অন্যকে আঘাত করবে, নাকি উৎসাহ জোগাবে। যে সামাজিক বা মানবিক উদ্যোগ আপনার কাছে গুরুত্বপূর্ণ, সমাজমাধ্যমে তার প্রচার করেও দিনটি পালন করতে পারেন। আর যিনি আপনার জীবনে কোনও ভাবে সাহায্য করেছেন, তাকে ব্যক্তিগত বার্তায় ধন্যবাদ জানাতে ভুলবেন না।