বিশ্ব চিৎকার বন্ধ দিবস: কথা হোক শান্তভাবে

জীবনযাপন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০

চিৎকার করে কখনও ভেঙে যাওয়া পরিস্থিতি ঠিক করা যায় না। বরং অনেক সময় তা পরিস্থিতি আরও জটিল করে তোলে। যেখানে শান্তভাবে কথা বললে ভুল বোঝাবুঝি মিটতে পারত, সেখানে চিৎকার বাড়িয়ে দেয় উত্তেজনা ও দূরত্ব।

এই ভাবনা থেকেই বিশ্ব চিৎকার বন্ধ দিবসের সূচনা। বাড়িতে, কর্মক্ষেত্রে, জনসমক্ষে কিংবা অনলাইনে সব জায়গাতেই শান্ত ও সংযতভাবে কথা বলার অভ্যাস গড়ে তোলার বার্তা দেয় এই দিন। এর মূল লক্ষ্য, মন দিয়ে অন্যের কথা শোনা, ধৈর্য ধরে নিজের বক্তব্য তুলে ধরা এবং প্রতিটি কথোপকথনে সৌজন্য বজায় রাখা।

উঁচু স্বরে কথা বললে কেউ আতঙ্কিত হতে পারেন, কেউ আবার নিজেকে গুটিয়ে নেন। বিশেষ করে শিশুদের মনে এর প্রভাব পড়তে পারে। তাই এই উদ্যোগ মনে করিয়ে দেয়, কথার বিষয়বস্তুর পাশাপাশি বলার ধরনও গুরুত্বপূর্ণ।

বিশ্ব চিৎকার বন্ধ দিবসের ইতিহাস

২০২১ সালে যুক্তরাজ্যে এই দিবসের সূচনা হয়। ‘লেটস স্টপ শাউটিং কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি’ নামে একটি সংগঠন মানুষের কথা বলার ধরন নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়। তাদের মতে, চিৎকার সম্পর্কের অবনতি ঘটাতে পারে, মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এবং মনোযোগ নষ্ট করতে পারে। তাই শান্ত ও ভেবেচিন্তে কথা বলার অভ্যাস গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ব্রিটিশ কাউন্সেলর ইয়াসমিন শাহিন-জাফর এই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মতে, কণ্ঠস্বরের ওঠানামা এবং কথা বলার ভঙ্গি অন্যের নিরাপত্তাবোধ ও গুরুত্ব পাওয়ার অনুভূতিকে প্রভাবিত করে। ধীরে ধীরে স্কুল, কর্মক্ষেত্র ও পরিবারের মধ্যেও এই বার্তা ছড়িয়ে পড়ে।

২০২৪ সালে এই উদ্যোগের পরিধি আরও বাড়ানো হয়। বিশেষ করে নিউরোডাইভারজেন্ট ব্যক্তিদের প্রয়োজন ও অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব পায়। তাদের ক্ষেত্রে মানসিক চাপের সময় চিৎকার পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। তাই এমন সময়ে সহানুভূতিশীল আচরণ এবং শান্তভাবে কথা বলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

প্রতি বছর ৬ নভেম্বর পালিত হয় বিশ্ব চিৎকার বন্ধ দিবস। স্কুল, অফিস ও বাড়িতে এই দিনটি উপলক্ষে মানুষ নিজেদের কথাবার্তার ধরন নিয়ে ভাবনাচিন্তা করেন। বার্তাটি সহজ—শান্ত স্বর সম্পর্ককে সুন্দর করে, পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। কথা বলার ভঙ্গিতে সামান্য পরিবর্তনও অনেক সময় বড় পার্থক্য গড়ে দিতে পারে।

কীভাবে পালন করবেন?

এই দিনটি পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। দৈনন্দিন কথাবার্তায় সামান্য কিছু পরিবর্তন আনলেই শুরু করা যায়। প্রথমেই চেষ্টা করুন স্বাভাবিকের চেয়ে একটু নিচু স্বরে কথা বলতে। এতে অন্যরাও শান্তভাবে উত্তর দিতে উৎসাহিত হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বিশেষ করে শিশুদের সামনে সংযত স্বর বজায় রাখা জরুরি।

কেউ কথা বলার সময় মাঝপথে বাধা না দিয়ে তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মন দিয়ে শোনার অভ্যাস কথোপকথনে ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করে। প্রয়োজনে মাথা নেড়ে বা হাসিমুখে বুঝিয়ে দিন যে আপনি তার কথা শুনছেন।

বাড়িতে এমন একটি জায়গা তৈরি করতে পারেন, যেখানে টিভি, ফোন বা অন্য কোনও যন্ত্রের উচ্চ শব্দ থাকবে না। সেখানে বই পড়া, বিশ্রাম নেওয়া কিংবা কিছুক্ষণ চুপচাপ বসে থাকা যেতে পারে। কর্মক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গে আলোচনায় সংযত ভাষা ব্যবহার করুন। কোনও বিষয়ে মতবিরোধ হলে সবার সামনে তর্কে না জড়িয়ে আলাদা করে কথা বলার চেষ্টা করুন।

এক দিনের জন্য টেলিভিশন, মোবাইল বা অন্যান্য যন্ত্রের শব্দও কমিয়ে রাখতে পারেন। অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি রয়েছে এমন অনুষ্ঠান এড়িয়ে শান্ত গান বা পডকাস্ট শুনতে পারেন। এতে বাড়ি কিংবা কর্মক্ষেত্রের পরিবেশও অনেকটা শান্ত থাকবে।

/এমএএল/
সম্পর্কিত
কেনাকাটা করলেই ফিরবে টাকা, জানেন কি এই বিশেষ দিনের কথা?
একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন
যাদের শ্রমে সাজে সংসার আজ তাদের সম্মান জানানোর দিন
সর্বশেষ খবর
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু
কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা