ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সীড শুধু খাবার হিসেবেই নয়, ত্বকের যত্নেও জায়গা করে নিয়েছে। ত্বকের রুক্ষতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজ করে চিয়া বীজ। এই বীজ পানিতে ভিজিয়ে রাখলে এর চারপাশে জেলির মতো আস্তরণ তৈরি হয়। এই জেল ব্যবহার করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কয়েক ধরনের ফেসপ্যাক।

চিয়া বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকের তারুণ্য ধরে রাখে। উজ্জ্বলতা বাড়ায়। বলিরেখা কমায়। তবে ত্বকে এর উপকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

চিয়া বীজের জেল

এক চা-চামচ চিয়া বীজ আধ কাপ পানিতে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। বীজ ফুলে জেলির মতো হয়ে এলে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিন। তৈরি হওয়া জেল পরিষ্কার মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকে আর্দ্রতা ও মসৃণ অনুভূতি আসবে।

চিয়া বীজ ও দইয়ের প্যাক

এক চামচ ভেজানো চিয়া বীজের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দইয়ের আর্দ্রতাদায়ক গুণ ত্বককে নরম অনুভব করতে সাহায্য করে। তবে সংবেদনশীল ত্বকে দই ব্যবহারে অস্বস্তি হলে তা এড়িয়ে চলুন।

চিয়া বীজ, অ্যালোভেরা ও দুধের প্যাক

এক চামচ ভেজানো চিয়া বীজের সঙ্গে অল্প অ্যালোভেরা জেল ও সামান্য দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকে শীতল অনুভূতি দেয়, আর এই প্যাক ত্বককে নরম রাখতে সাহায্য করে।

যে কোনও ঘরোয়া উপাদান মুখে ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিন। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। ত্বকে আগে থেকেই অ্যালার্জি, র‌্যাশ বা ক্ষত থাকলে এসব প্যাক ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।