সুজি দিয়ে হালুয়া বাঙালির ঘরে পরিচিত পদ। তবে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয় নানা স্বাদের হালুয়া। কোথাও মুগ ডালের সঙ্গে মিশিয়ে, কোথাও আবার আটা কিংবা জাফরান দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন রাজস্থান, পাঞ্জাব ও তামিলনাড়ুর এই তিন ধরনের হালুয়া। রইলো রেসিপি।
রাজস্থানের মুগ ডালের হালুয়া
এই হালুয়া বানাতে লাগবে এক কাপ ভেজানো ও বাটা মুগ ডাল, এক কাপ ঘি, এক কাপের মতো চিনি, এক কাপ পানি, আধ কাপের মতো সুজি, এক চা-চামচ এলাচগুঁড়ো এবং কুচোনো শুকনো ফল।
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে সামান্য সুজি দিয়ে হালকা ভেজে নিন। এরপর মুগ ডালবাটা দিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। ডালে সোনালি রং ধরলে এবং ঘি আলাদা হতে শুরু করলে অন্য পাত্রে পানি ও চিনি ফুটিয়ে তৈরি করা সিরা ঢেলে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে এলাচগুঁড়ো ও কুচোনো শুকনো ফল মিশিয়ে নামিয়ে নিন।
পাঞ্জাবি কায়দার আটা-সুজির হালুয়া
এই হালুয়া তৈরির জন্য প্রয়োজন তিন কাপ সুজি, আধ কাপ আটা, এক কাপ চিনি, তিন কাপ পানি, তিন-চার টেবিলচামচ ঘি এবং এক চামচ এলাচগুঁড়ো। পরিবেশনের জন্য চাইলে শুকনো ফলও নিতে পারেন।
প্রথমে একটি পাত্রে পানি ও চিনি ফুটিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। অন্য দিকে কড়াইয়ে ঘি গরম করে সুজি ও আটা একসঙ্গে দিয়ে মাঝারি থেকে কম আঁচে অনবরত নাড়তে থাকুন। সুজির রং গাঢ় বাদামি হয়ে এলে এবং সুন্দর গন্ধ বেরোলে আঁচ কমিয়ে সাবধানে চিনির সিরা ঢালুন। এ সময় ক্রমাগত নাড়তে হবে, যাতে মিশ্রণ কড়াইয়ের তলায় লেগে না যায়। পানি শুকিয়ে ঘি উপরে ভেসে উঠলে এলাচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে উপর থেকে শুকনো ফল ছড়িয়ে দিতে পারেন।
তামিলনাড়ুর রাভা কেশরি
রাভা কেশরি বানাতে লাগবে এক কাপ সুজি, দেড় কাপ চিনি, আধ কাপের মতো ঘি, তিন কাপ পানি, এক চিমটে কেশর বা জাফরান এবং কাজু-কিশমিশ।
প্রথমে এক চামচ ঘিয়ে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে বাকি ঘি দিয়ে সুজি কম আঁচে ভেজে নিন। সুজিতে হালকা বাদামি রং ধরলে আঁচ বন্ধ করে দিন। অন্য পাত্রে জল ফুটিয়ে তাতে জাফরান মিশিয়ে নিন। এ বার ফুটন্ত পানি অল্প অল্প করে ভাজা সুজির মধ্যে ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। সুজি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে চিনি ও বাকি ঘি দিয়ে নাড়তে থাকুন। সব উপকরণ ভাল ভাবে মিশে ঘন হয়ে এলে ভাজা কাজু-কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন।