ভূতের সিনেমায় জ্বলন্ত শহরের দৃশ্য দেখে গা ছমছম করে? কিন্তু বাস্তবেই এমন একটি শহর রয়েছে, যেখানে মাটির নীচে আগুন জ্বলছে ছয় দশকেরও বেশি সময় ধরে! কোথাও রাস্তার বুক চিরে বেরিয়ে আসছে ধোঁয়া, কোথাও মাটি ফেটে তৈরি হচ্ছে গভীর গর্ত। বিষাক্ত গ্যাস আর অসহনীয় উত্তাপের কারণে একসময় হাজারো মানুষের বাসস্থান এই শহর এখন প্রায় জনশূন্য। নাম সেন্ট্রালিয়া। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এই শহরকে অনেকে বলেন ‘নরকের শহর’।
একসময় ছবির মতো সুন্দর ছিল সেন্ট্রালিয়া। শহরের মানুষের জীবিকার প্রধান অবলম্বন ছিল আশপাশের কয়লাখনি। কয়লা ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান আর জনবসতি। ১৮৩০-এর দশক থেকে এই এলাকায় মানুষের বসবাস শুরু হয়। পরে রেলপথ চালু হলে শহরের গুরুত্ব আরও বাড়ে। ১৮৬৫ সালে নাম বদলে রাখা হয় সেন্ট্রালিয়া। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে ঘরবাড়ি, দোকানপাট, গির্জাসহ জমজমাট এক জনপদ।
কিন্তু সেই শহরের ভাগ্যে যে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করেননি। ১৯৬২ সালের মে মাসে শহরের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে আগুন ধরানো হয় একটি ভাগাড়ে। সেটি ছিল পরিত্যক্ত কয়লাখনির কাছাকাছি। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কাজটি পুরোপুরি করা হয়নি বলে অভিযোগ। মনে করা হয়, জ্বলন্ত আবর্জনা থেকে আগুন ছড়িয়ে পড়ে মাটির নীচে থাকা কয়লার স্তরে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে মতভেদ রয়েছে।
কয়লার আগুন একবার মাটির নীচে ছড়িয়ে পড়ার পর আর সহজে তাকে থামানো যায়নি। কারণ, সেন্ট্রালিয়ার নীচে ছড়িয়ে রয়েছে অসংখ্য পুরনো কয়লাখনি ও সুড়ঙ্গ। আগুন ক্রমশ সেসব পথে ছড়িয়ে পড়তে থাকে। প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি শহরবাসী। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। মাটির নীচ থেকে বেরোতে শুরু করে বিষাক্ত গ্যাস। বাড়ির বেসমেন্টে ঢুকে পড়তে থাকে ধোঁয়া, কোথাও আবার পাইপের ফাঁক দিয়েও বেরিয়ে আসতে থাকে গরম বাষ্প।
শহরের রাস্তাঘাটেও দেখা দেয় অদ্ভুত সব ঘটনা। মাটিতে ফাটল ধরতে শুরু করে, কোথাও কোথাও ফাটল দিয়ে বেরিয়ে আসে ধোঁয়া। বাড়িঘরের ভিত নড়বড়ে হয়ে যায়। ১৯৭৯ সালে এক পেট্রোল পাম্পের মালিক মাটির নীচে রাখা তেলের ট্যাঙ্কের তাপমাত্রা পরীক্ষা করে অবাক হয়ে যান। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় ১৭২ ডিগ্রি ফারেনহাইটে!
এর দু’বছর পর ঘটে আরও ভয়ংকর ঘটনা। ১৯৮১ সালে টড ডোমবস্কি নামে ১২ বছরের এক কিশোর বাড়ির উঠানে হাঁটছিল। হঠাৎ তার পায়ের নীচের মাটি ধসে তৈরি হয় গভীর গর্ত। মুহূর্তের মধ্যে সে তাতে পড়ে যায়। ভাগ্যিস, তার ভাই দ্রুত তাকে টেনে তুলে আনে! পরে জানা যায়, গর্তের নীচে ছিল প্রচণ্ড উত্তাপ ও বিষাক্ত গ্যাস। সামান্য এদিক-ওদিক হলেই প্রাণ হারাতে পারত কিশোরটি।
একের পর এক বিপদের পর শহরবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন। ১৯৮৩ সালে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ করা হয় পুনর্বাসনের জন্য। অধিকাংশ বাসিন্দাই শহর ছেড়ে চলে যান। ভেঙে ফেলা হয় বহু বাড়িঘর ও স্থাপনা। যে শহরে একসময় হাজারো মানুষের বসবাস ছিল, নব্বইয়ের দশকে সেখানে বাসিন্দার সংখ্যা নেমে আসে মাত্র কয়েক ডজনে। পরে শহরের প্রধান সড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। এমনকি ২০০২ সালে ডাক বিভাগ সেন্ট্রালিয়ার জন্য বরাদ্দ পোস্টাল কোডও বাতিল করে দেয়।
তবু শহরটিকে পুরোপুরি ছেড়ে যেতে রাজি হননি কয়েকজন বাসিন্দা। আইনি লড়াইয়ের কারণে তাদের সরে যাওয়ার প্রক্রিয়াও জটিল হয়ে ওঠে। ফলে প্রায় জনশূন্য হয়ে গেলেও সেন্ট্রালিয়া একেবারে মানুষের বসতিহীন শহরে পরিণত হয়নি।
এদিকে, মাটির নীচের আগুন নেভানোর চেষ্টা একাধিকবার করা হলেও তা সফল হয়নি। কারণ, ঠিক কত দূর পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে, তা নির্দিষ্ট করে চিহ্নিত করাই কঠিন। কয়লার স্তর ও পুরনো খনির সুড়ঙ্গ ধরে আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিয়ন্ত্রণ করা না গেলে এই আগুন আরও বহু বছর জ্বলতে পারে।
অদ্ভুত বিষয় হল, ভয়ংকর এই শহরই এখন কৌতূহলী পর্যটকদের আকর্ষণ করে। পরিত্যক্ত বাড়িঘর, ভাঙাচোরা স্থাপনা আর জনশূন্য রাস্তা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। বিশেষ আকর্ষণ বন্ধ করে দেওয়া রুট ৬১-এর একটি অংশ। সেখানে রাস্তার উপর রংবেরঙের গ্রাফিতি আঁকা হয়েছে বলে জায়গাটি পরিচিত ‘গ্রাফিতি হাইওয়ে’ নামেও। শীতকালে মাটির নীচ থেকে বেরোনো ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করে।
তবে সিনেমার মতো দেখতে হলেও সেন্ট্রালিয়া কোনও বিনোদনের জায়গা নয়। মাটির নীচে আগুন, বিষাক্ত গ্যাস এবং ধসে পড়ার ঝুঁকির কারণে এলাকাটি বিপজ্জনক। একসময় যে শহর ছিল মানুষের কর্মচাঞ্চল্য আর জীবনের ঠিকানা, আজ সেই শহরই যেন পৃথিবীর বুকের নীচে লুকিয়ে থাকা এক জ্বলন্ত রহস্য।