সকালে লেবুর পানি পান করেন? কিডনিতে কী প্রভাব ফেলে জানেন?

দিনের শুরুতে এক গ্লাস লেবুর পানি পান করার অভ্যাস রয়েছে অনেকের। শরীর সতেজ রাখা থেকে হজমে সাহায্য— এই পানীয়ের নানা গুণের কথা শোনা যায়। এমনকি নিয়মিত লেবুর পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমতে পারে বলে মনে করা হয়। কিন্তু এই ধারণা কতটা ঠিক? কিডনির স্বাস্থ্যে লেবুর পানির ভূমিকা কী?

লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রেট। বিশেষ করে সাইট্রেট কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রস্রাবে সাইট্রেটের পরিমাণ পর্যাপ্ত থাকলে ক্যালশিয়াম অক্সালেট ধরনের পাথর তৈরির সম্ভাবনা কমতে পারে। কারণ, সাইট্রেট ক্যালশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে এমন যৌগ তৈরি করে, যা পাথর তৈরির প্রক্রিয়ায় বাধা দেয়।

তবে শুধু লেবুর পানি পান করলেই কিডনিতে পাথর হবে না, এমন নিশ্চয়তা নেই। কিডনির স্বাস্থ্য ভাল রাখতে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। শরীরে পানির ঘাটতি হলে প্রস্রাব ঘন হয়ে যায়। তখন পাথর তৈরির উপাদানগুলি জমাট বাঁধার সুযোগ পায়। তাই নিয়মিত পর্যাপ্ত সাধারণ পানি পান করলেও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে। লেবুর পানি পান করলে পানির স্বাদে পরিবর্তন আসে, ফলে অনেকের পক্ষে পর্যাপ্ত পানি পান করা সহজ হয়।

লেবুর পানি কি সবার জন্য উপকারী?

লেবুর পানি সবার শরীরে একই রকম প্রভাব ফেলে না। যাদের আগে থেকেই কিডনির অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে কতটা তরল পান করা উচিত, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা জরুরি। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করে দেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে। ফলে কারও কারও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। লেবুতে পটাশিয়াম থাকলেও সামান্য লেবুর পানি পান করলেই যে সমস্যা হবে, তা নয়। তবে কিডনির রোগ থাকলে নিজের ইচ্ছেমতো নিয়মিত লেবুর পানি খাওয়ার অভ্যাস শুরু করা উচিত নয়।

এ ছাড়া, বেশি লেবু খেলে কারও কারও অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা বাড়তে পারে। লেবুর অ্যাসিড দাঁতের এনামেলেরও ক্ষতি করতে পারে। তাই লেবুর পানি পান করার পর সাধারণ পানি দিয়ে মুখ কুলকুচি করে নেওয়া ভালো।

মনে রাখতে হবে, লেবুর পানি কিডনিতে পাথরের চিকিৎসা নয়। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে কিডনির সমস্যা থাকলে বা আগে পাথর হয়ে থাকলে খাদ্যাভ্যাস ও পানি পানের পরিমাণ নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।